সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লাগাতার বিনিয়োগ এবং টাকার পতনের আশঙ্কায় বেয়ারিশ বেট কমে আসার জেরে মঙ্গলবার ভারতীয় মুদ্রায় (Indian Rupee) ফের বড়সড় উত্থান। এদিন ডলারের তুলনায় ৪৬ পয়সা শক্তিশালী হয়ে ভারতীয় টাকা ৯৩.৪৭ টাকায় বন্ধ হয়েছে, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ স্তর। বিশেষ করে তেলের দামের পতন এবং শেয়ার বাজারের ইতিবাচক প্রভাবের কারণেই টাকার এই মূল্যবৃদ্ধি।
ডলারের বিপরীতে রেকর্ড উত্থান ভারতীয় রুপির
গত সেশনে ডলার প্রতি টাকার দাম ছিল ৯৩.৯৩ টাকা। মঙ্গলবার লেনদেনের এক পর্যায়ে টাকা ৯৩.৪০-র স্তরে পৌঁছে গেলেও দিন শেষে প্রায় ০.৫% বৃদ্ধির সাথে ৯৩.৪৭ টাকায় বন্ধ হয়। আসলে চিনের উন্নত এআই চিপ ব্যবহারের উপর আমেরিকা হস্তক্ষেপ করায় বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারে বিরাট পতন দেখা যায়। যার ফলে এমএসসিআই এশিয়ান সূচক ১.৫ শতাংশ পড়ে যায় এবং ইউরোপ ও মার্কিন বাজারে দুর্বলতা লক্ষ্য করা যায়। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ০.৪ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসের শুরু থেকেই এখনও পর্যন্ত বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় বাজারে রেকর্ড ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। আর এই বিপুল পরিমাণ ডলার দেশে আসায় টাকার চাহিদা এবং মান দুটোই বেড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, নন ডেলিভারেবল ফরওয়ার্ড মার্কেটে বড় ধরনের লেনদেন হচ্ছে। আর টাকার দাম কমবে ভেবে যারা আগে বাজি ধরেছিলেন, তারা সেই অবস্থান থেকে সরে আসার কারণেই এনডিএফ বাজারে টাকার দরে সামান্য উত্থান দেখা যায়।
আরও পড়ুন: মিলবে ৩০ হাজার টাকা সুবিধা, সরকারি আধিকারিকদের জন্য বড় ঘোষণা নবান্নের
প্রসঙ্গত, বিশ্ববাজারে ডলার ইনডেক্স এখনও ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরের কাছাকাছি রয়েছে। আমেরিকায় মূল্যবৃদ্ধির চড়া হারের কারণে ফেডারেল রিজার্ভ তাদের কঠোর আর্থিক নীতি বজায় রাখতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার আসন্ন আর্থিক ফলাফলের দিকেই এখন নজর রয়েছে সকলের। আর্থিক প্রতিষ্ঠান আইএনজি-র মতে, প্রযুক্তি এবং এই শেয়ারে আরও পতন হলে ফেডারেল রিজার্ড কিছুটা নরম মনোভাব নিতে পারে। ফলে দীর্ঘমেয়াদে টাকার দাম আরও বাড়বে।










