ধোনির ক্রিকেট বিদায়, অভিষেককে শোকজ হাইকোর্টের…! আজকের সেরা ১০ খবর (১৭ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার। ধোনির ক্রিকেট বিদায়, অভিষেককে শোকজ হাইকোর্টের, দেবাংশুর বাড়িতে কার্তিক, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) আইপিএস অফিসারদের সুযোগ-সুবিধা ঘোষণা নবান্নের

সরকারি আধিকারিকদের জন্য একগুচ্ছ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। আইপিএস অফিসারদের জন্য নতুন আর্থিক সুযোগ-সুবিধা ঘোষণা করেছে নবান্ন। জানা গিয়েছে, এবার থেকে কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নিচের আইপিএস অফিসাররা মাসে অতিরিক্ত ১০ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন। তাছাড়া যারা সরকারি আবাসন পাননি বা বাড়ি নেন না, তাদের জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া ৫০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের সুবিধা মিলবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার এএসআই

ঘুষ নেওয়ার অভিযোগে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে ধরা পড়লেন চন্দ্রকোনা থানার এক এএসআই। জানা গিয়েছে, ৪০০০ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন ওই পুলিশ আধিকারিক। চন্দ্রকোনা থানায় দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায় তদন্তকারী আধিকারিক ছিলেন ওই এএসআই। তবে অভিযোগকারী বিশ্বজিৎ ভুঁইয়ার দাবি, আদালতে মামলা জমা দেওয়ার জন্য তাঁর কাছে টাকা চেয়েছিলেন পুলিশকর্মী মোহন সামন্ত। সেই মামলায় ৪০০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) দমদমের স্কুলে চারতলা থেকে পড়ে জখম অষ্টম শ্রেণির পড়ুয়া

দমদমের স্কুলে চারতলার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর জখম হল অষ্টম শ্রেণির পড়ুয়া। তৎক্ষণাৎ নাগেরবাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আহত ওই পড়ুয়ার নাম তানিশা দাস, যে দমদমের যশোর রোড সংলগ্ন সেন্ট স্টিফেন্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সকাল ১১টা থেকে ১২টার মধ্যে চতুর্থ পিরিয়ড শেষ হওয়ার পরেই এই বিপত্তি ঘটে। স্কুলে চারতলার বারান্দায় থাকা প্রায় ৪ ফুট উঁচু পাঁচিল টপকে নিচে পড়েছে সে। সহপাঠীরা চিৎকার করে খবর দেয় শিক্ষকদের। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

এবার অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, বিজেপি কর্মী পার্থ সাহা কাটমানি না দিলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন। রাজপুর-সোনারপুর পুরসভার বোড়াল এলাকায় ঘটেছে এই ঘটনা। একাধিক মহিলার দাবি, টাকা পাওয়ার পর তাদের কাছে টাকা চেয়েছেন ওই বিজেপি কর্মী। যদিও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়টিকে টাকা চাওয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ তুলছেন বিজেপি কর্মী। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) আইপিএল থেকে অবসর মহেন্দ্র সিং ধোনির

আইপিএল থেকে অবসর গ্রহণ করলেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। তবে এবার আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। যদিও চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দেখা যাবে মাহিকে। ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট এবং মহেন্দ্র সিং ধোনির তরফ থেকে সেই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আগের বছর আইপিএলে নাম থাকলেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) ভাতাড়ে ভয়ংকর বাস দুর্ঘটনায় আহত ২৫ জন

ভয়ংকর বাস দুর্ঘটনা ভাতাড়ে। বাদশাহী রোডে যাত্রীবাহী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এক ট্যাংকারের পেছনে ধাক্কা দেয় বলেই খবর। আর সেই ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী জখম হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর নাগাদ ঘটে এই ঘটনা। বাসটি বর্ধমান থেকে নতুনহাটের দিকে যাচ্ছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে আলিনগরের কাছে কাপশোর মোড় এলাকায় দ্রুতগতিতে সামনে থাকা তেলের ট্যাংকারের পিছনে ধাক্কা মারে। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতাড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) পুরুলিয়ায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬ জন

আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ পুরুলিয়ায়। সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত রবিবার পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার অন্তর্গত মাজারামুড়া গ্রামে ১৭ বছর বয়সী আদিবাসী নাবালিকা যাত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। তবে বেশি রাত হওয়ায় সেখানে পূর্ব পরিচিত যুবক ওই নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে সঙ্গে নিয়ে যাচ্ছিল। সঙ্গে আরও পাঁচজন মিলেই গণধর্ষণ করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) নাহিদ ইসলামের কর্মসূচিতে হামলা

ভারত বিরোধী নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এবার আওয়ামী লীগ ও বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির কর্মী-সমর্থকদের সংঘর্ষের সাক্ষী থাকল লন্ডন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার হলের সামনে এবং পেছনের রাস্তায় ঘটে এই সংঘর্ষের ঘটনা। এতে গুরুতর আহত হন ৫ জন। পাশাপাশি একে অপরকে ধাওয়া করে মারধরের অভিযোগ ওঠে দুই দলের সমর্থকদের মধ্যে। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) দেবাংশুর বাড়িতে ফেলা হল কার্তিক

সদ্য বাগদানের ঘোষণা করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে এবার রাতের অন্ধকারে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে দেওয়া হল দেবাংশুর বাড়িতে। এমনকি ঠাকুরের মূর্তির সাথে ধরিয়ে দেওয়া হয়েছে খাবারের লম্বা লিস্ট। আর তা দেখেই মাথায় হাত পড়েছে তৃণমূল নেতার। এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেবাংশু। তিনি সেখানে লেখেন, “সকালে উঠে দেখি সদর দরজায় কারা তাকে রেখে দিয়ে গেছেন। সিসিটিভিতে দেখলাম হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাইক নিয়ে এসে রাত্রি সাড়ে তিনটা নাগাদ এই কাণ্ড ঘটিয়েছেন। বিয়ের আগে কে কার্তিক দিয়ে যায় বলুন তো?” বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল হাইকোর্ট

হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ডিজে মামলায় রক্ষাকবচ শেষ হয়েছে অভিষেকের, যা নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে ৭ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় করা অভিষেকের একটি বক্তব্য ফৌজদারি আদালত অবমাননার শামিল হয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এবার অভিষেককে শোকজ করল উচ্চ আদালত। এমনকি আগামী ১৫ দিনের মধ্যেই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button