বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত (India)। সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালে পাক দলের বিরুদ্ধে 2-1 ব্যবধানে জয় হাসিল করলো জাতীয় ফুটবল দল। দেশের হয়ে জয়সূচক গোলটা করলেন বাংলার ছেলে তথা নদীয়ার কল্যানীর সন্দীপ মান্ডি। সেই সূত্রেই গ্রুপ পর্বের 3-2 ব্যবধানের স্মরণীয় জয়ের পর বাংলাদেশের মাটিতে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ে বাংলার ছেলের অবদান ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে থাকবে।
ভারতের কাছে পরাস্ত পাকিস্তান
মঙ্গলবার, ঢাকা স্টেডিয়ামে দাপটের সাথে খেলা শুরু করেছিল ভারত এবং পাকিস্তান দুই দলই। ম্যাচের একেবারে প্রথম তিন মিনিটেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল ভারত। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ নষ্ট হয়। এরপর চাপ বাড়ায় পাকিস্তান। সেই সূত্র ধরেই 18 মিনিটে প্রায় গোল করে ফেলেছিল পাক বাহিনী। বল উঁচু করে ফাঁকা গোল পোষ্টে ঢোকানোর চেষ্টা করেছিলেন আলি খান, তবে সেই সুযোগ নষ্ট করে দেন এক ভারতীয় ফুটবলার।
ভুল থেকে শিক্ষা নিয়ে ফের আক্রমণে যায় পাকিস্তান। বল দখলের লড়াই থেকে শুরু করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে গোল করার চেষ্টা, সবেতেই এগিয়েছিল পশ্চিমের দেশ। খেলা যখন ঠিক 45+1 মিনিটে গড়িয়েছে, দুরন্ত শট মেরে গোল পোস্টের একেবারে কোণা দিয়ে বল জালে জড়িয়ে দেন আলমগির গাজ়ি। কিছুই করতে পারেননি ভারতের গোলরক্ষক। ফলে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল পাকিস্তান।
আরও পড়ুন: মুস্তাফিজুর-পাথিরানাদের বিদায়, ১২ জনকে ছাড়ল KKR, কারা থাকলেন দলে?
পরবর্তী 45 মিনিটের খেলা শুরু হলে, ফের গোলের সুযোগ তৈরি করতে থাকে পাকিস্তান। 51 মিনিটে সুযোগ পেয়েও তা হাতছাড়া করে ভারত। তারপর থেকে ক্রমাগত প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে 60 মিনিটে সুহেল ভাটের হাত ধরে গোল পায় ভারত। সমতা ফেরে ম্যাচে। তাতে বুক চিতিয়ে লড়াই করতে এগিয়ে আসে পাকিস্তান। এক চুলও জায়গা ছাড়ছিল না ভারত। উল্টে সর্বশক্তি দিয়ে দ্বিতীয় গোল করার চেষ্টা করতে থাকেন পিভি বিষ্ণু, সন্দীপ মান্ডিরা। সেই চেষ্টাতেই আসে সাফল্য। 88 মিনিটের মাথায় পাকিস্তানের জালে বল জড়িয়ে দেন কল্যাণীর সন্দীপ মান্ডি। সেটাই ভারতের ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল। এরপর অতিরিক্ত সময়ের খেলাতেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি পাকিস্তান।










