আনিষা চৌধুরী, কলকাতা: প্রশাসনিক আধিকারিকদের জন্য সুখবর! এবার তাঁদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (State Government)। এক ধাক্কায় ৩ শতাংশ বাড়ানো হচ্ছে মহার্ঘ ভাতা। এর ফলে আগের তুলনায় মাসিক বেতনের অঙ্কও কিছুটা বাড়বে আধিকারিকদের। শুধু তাই নয়, নতুন হারে মহার্ঘ ভাতা পাওয়ার পাশাপাশি এতদিনের বকেয়া টাকাও হাতে পাবেন তাঁরা। সরকারের এই সিদ্ধান্তে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্বস্তি মিলতে চলেছে সংশ্লিষ্ট আধিকারিকদের।
কবে থেকে কার্যকর হচ্ছে এই ৩% DA?
ছত্তিশগড় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে কর্মরত IAS, IPS-সহ সর্বভারতীয় পরিষেবার আধিকারিকদের মহার্ঘ ভাতা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৩ শতাংশ করা হয়েছে। সাধারণ প্রশাসন বিভাগ (GAD) এই মর্মে নির্দেশিকা জারি করেছে। নতুন হারে মহার্ঘ ভাতা ১ জুলাই ২০২৬ থেকেই কার্যকর করা হয়েছে। অর্থাৎ জুলাই মাস থেকে বর্ধিত হারে DA পাওয়ার কথা সংশ্লিষ্ট আধিকারিকদের।
তবে এই সিদ্ধান্তের অন্যতম আকর্ষণীয় দিক হল বকেয়া টাকা মেটানোর পদ্ধতি। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের যে অতিরিক্ত মহার্ঘ ভাতা জমা হয়েছে, তা নগদে দেওয়া হবে। নভেম্বর মাসের বেতনের সঙ্গেই নতুন হারে ডিএ পাওয়ার কথা আধিকারিকদের। অর্থাৎ শুধু আগামী মাসের বেতনেই বাড়তি সুবিধা নয়, গত চার মাসের পাওনা টাকাও একসঙ্গে হাতে পাবেন তাঁরা।
এদিকে, বর্ধিত মহার্ঘ ভাতার হিসাব কীভাবে করা হবে, সেই বিষয়টিও নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের পে-ম্যাট্রিক্সের নির্দিষ্ট স্তরে থাকা মূল বেতনের ভিত্তিতেই এই ভাতার অঙ্ক নির্ধারণ করা হবে। তবে বিশেষ বেতন (Special Pay) কিংবা ব্যক্তিগত বেতন (Personal Pay) এই হিসাবের মধ্যে ধরা হবে না। পাশাপাশি, যে সময়ের বকেয়া টাকা দেওয়া হচ্ছে, সেই সময়ে সংশ্লিষ্ট আধিকারিক যে দফতর থেকে বেতন পেতেন, সেখান থেকেই বকেয়া মেটানোর ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: বছর শেষের আগে সরকারি কর্মীদের বড় উপহার, ৩% DA বাড়াল রাজ্য
বর্ধিত ডিএ কার্যকর করতে প্রত্যেক আধিকারিকের নামে আলাদা করে কোনও ব্যক্তিগত অনুমতিপত্র জারি করার প্রয়োজন হবে না। তাঁদের বেতন স্লিপ সংশোধন করেই নতুন হিসাব অনুযায়ী টাকা দেওয়ার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট দফতর। আগে কোনও অতিরিক্ত অর্থ দেওয়া হয়ে থাকলে তা সমন্বয় করে নেওয়া হবে। এমনকি নির্ধারিত অঙ্কের বেশি টাকা দেওয়া হলে সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে অতিরিক্ত অর্থ ফেরত নেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ২৯ অক্টোবরের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের পরই রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।










