সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট (Lateef Bhatt)। সূত্রের খবর, সে গত ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফ চৌকিতে হামলার মূল চক্রী ছিল। একাধিকবার তাঁকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও সে তা প্রত্যাখ্যান করে। শেষমেষ নিরাপত্তা রক্ষা বাহিনী তাঁকে বাইরে বের করার জন্য কাঁদানে গ্যাস ছোড়ে। মসজিদ থেকে বেরিয়ে আসার সময় তাঁকে গুলি করে এনকাউন্টার করা হয়।
খতম লস্কর জঙ্গি লতিফ ভাট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এনকাউন্টার চলাকালীন লতিফ ভাট কুলগামের একটি মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছিল এবং রাত প্রায় ২:৪৫ মিনিট নাগাদ সেখান থেকেই নিরাপত্তা রক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ বিষয়ে কুলগামের এসএসপি অনায়ক আলী জানিয়েছেন, ধর্মীয় স্থানটির যাতে কোনও ক্ষতি না হয় সেই জন্য নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয় এবং মসজিদের ভেতরে প্রবেশ করে কোনও অভিযান চালায়নি। এসএসপি নিজে লতিফ ভাটের সঙ্গে দীর্ঘক্ষণ ভিডিও কলে কথা বলেন এবং অস্ত্র ফেলে আত্মসমর্পণের কথাও বোঝান। এমনকি তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আত্মসমর্পণ করলে তাঁর প্রাণ রক্ষা করা হবে। তবে লতিফ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, “আমার সঙ্গে আল্লাহ ছাড়া আর কেউ নেই।”
বলাবাহুল্য, বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও আত্মসমর্পণ না করায় নিরাপত্তা রক্ষা বাহিনী তাঁকে মসজিদ থেকে বাইরে বের করার জন্য কাঁদানে গ্যাসের শেল পর্যন্ত ছোড়ে। কাঁদানে গ্যাসের জেরে সে মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসা মাত্রই নিরাপত্তা রক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফের যৌথ দল এই সন্ত্রাসবাদী অভিযানে অংশ নিয়েছে বলেই খবর।
আরও পড়ুন: হবে বিপুল কর্মসংস্থান, হরিণঘাটায় তৈরি হচ্ছে ক্যাম্পা কোলার বিশাল ফ্যাক্টরি
এসএসসির তরফ থেকে জানানো হয়েছে, লতিফ ভাট ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই তৈবায় যোগ দিয়েছিল। সে নিজেই মৌলবাদের পথে পা বাড়ায় এবং সীমান্তের ওপার থেকেই জম্মু ও কাশ্মীরের শান্তি, পর্যটন ও অর্থনীতি ব্যাহত করার নির্দেশ পেত। গত ১১ নভেম্বর মীরবাজারের সিআরপিএফ চৌকিতে যে হামলা হয়েছিল, তার মূল পরিকল্পনাকারী ছিল এই লতিফ ভাট। এমনকি সেই ঘটনায় তিনজন জওয়ান গুরুতর আহত হয়েছিলেন বলেও খবর। সেই চক্রের মূল অপরাধীকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী।










