বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত (India)। আর এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাংলা তথা কল্যাণীর ছেলে সন্দীপ মান্ডি (Sandip Mandi)। ম্যাচের শেষের দিকে পাকিস্তানের জালে বল জড়িয়ে জাতীয় দলের জয় নিশ্চিত করেছিলেন তিনি। সন্দীপের এই সাফল্যে আনন্দে আত্মহারা কল্যাণীর সাঁওতাল পাড়া। ছেলের এমন কীর্তিতে আনন্দে বুক ভরে যাচ্ছে সন্দীপের বাবা মায়েরও। ভারতের জয়ের নায়ক এই বাঙালি ফুটবলারের অতীত জানেন না অনেকেই। ছোট থেকেই স্থানীয় ফুটবলে বড়দের খেলা দেখে নিজেও কখন যে ফুটবল পায়ে মাঠে নেমে পড়েছিলেন, মনেই পড়েনা সন্দীপের।
সন্দীপ মান্ডির সাফল্যের কাহিনী
ফুটবলের প্রতি ভালোবাসা সন্দীপের একেবারে ছেলেবেলা থেকেই। কারণ বাবা সুন্দর মান্ডি ছিলেন একজন দক্ষ ফুটবলার। রেলওয়েজের হয়ে খেলেছিলেন তিনি। প্রতিনিধিত্ব করেছিলেন সন্তোষ ট্রফিতেও। বাবার চাকরির সূত্রেই কল্যাণীতে থাকতে হতো সন্দীপদের। সুন্দর মান্ডির স্বপ্ন ছিল ভারতীয় ফুটবল দলের জায়গা করে নেওয়ার। সেটা না হওয়ায় ছেলেকে দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি। সেই সূত্রে এইমাত্র 13 বছর বয়সে ফুটবলে প্রশিক্ষণ নিতে শুরু করেন সন্দীপ।
কল্যাণী মিউনিসিপ্যাল ফুটবল অ্যাকাডেমিতে পেশাদার ফুটবলার হয়ে ওঠার জায়গাটা শুরু হয়েছিল সন্দীপের। এরপর বাংলা জুনিয়র দল থেকে শুরু করে ওড়িশার জুনিয়র দলের হয়েও খেলেছিলেন তিনি। বল পায়ে বারবার নজর কেড়েছিলেন বাংলার এই ফুটবলার। ফুটবলে নিজের দক্ষতা দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন ভারতের অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 16 জাতীয় ফুটবল দলে। 2018 সালে সন্দীপ সুযোগ পেয়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমিতে।
বল পায়ে বারবার নিজেকে মেলে ধরার কারণে মাত্র 17 বছর বয়সেই প্রথমেই জামশেদপুরের রিজার্ভ দল এবং পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরের হয়ে মাঠে নামেন তিনি। 2020 সালের, ফেব্রুয়ারি মাসে এটিকের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন তিনি। দেশের সর্বোচ্চ ফুটবল লিগে পা রাখার পরই নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন সন্দীপ। ঠিক সে কারণেই ডায়মন্ড হারবার এফসি থেকে শুরু করে ইন্টার কাশি , মহামেডানের মতো দলে খেলার সুযোগ পেয়েছিলেন বাঙালি ফুটবলার। এ বছর যোগ দেন ইস্টবেঙ্গলে।
আরও পড়ুন: স্কুলে পড়ার বয়সে সন্তান প্রসব দাসপুরের নাবালিকার, গ্রেফতার দাদু
ইন্ডিয়ান সুপার লিগে বিভিন্ন দলের হয়ে ক্ষমতা প্রদর্শনের পর বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলে ডাক পেয়েছিলেন সন্দীপ। তাতেই বোঝা গিয়েছিল দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। ফাইনালের মঞ্চে পাকিস্তানকে গোল খাইয়ে নিজের ক্ষমতা প্রমাণ করে দেখালেন বাংলার ছেলে। বুঝিয়ে দিলেন, প্রবল ইচ্ছে শক্তি আর চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব।










