বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের মাঠে খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অধ্যায় শেষ। গতকালই, IPL থেকেও অবসর নিয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণ করেছেন চেন্নাই সুপার কিংসের মেন্টরের। তবে মাহি ক্রিকেট ছাড়লেও, তাঁর কেরিয়ারের অভিজ্ঞতা এবং মানসিক শিক্ষা থেকে যাবে পরবর্তী প্রজন্মের জন্য। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সাফল্যকে কাছে টেনে নেওয়া শিখিয়েছেন ধোনি। জীবনের প্রতিটি পর্যায়ে তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই মাহিই তাঁর বাবাকে প্রচন্ড ভয় পেতেন। সেসব নিয়েই মুখ খুলেছেন ভারতীয় তারকা।
বাবাকে নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনির জীবনে তাঁর বাবার অবদান অনস্বীকার্য। সে কথা কমবেশি জানেন মাহি ভক্তরা। ভারতের প্রাক্তন অধিনায়ক বিশ্বাস করেন, ফলাফলের থেকে গোটা প্রক্রিয়ায় বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাঁর মতে, যেটা নিজের নিয়ন্ত্রণে আছে আগে সেটায় বেশি নজর দেওয়া প্রয়োজন। ফলাফল সবসময় নিজের হাতে থাকে না, কিন্তু চেষ্টা, কাজের প্রস্তুতি এবং কাজের প্রতি সততা এই সবটাই নিজের নিয়ন্ত্রণে। মহেন্দ্র সিং ধোনির দর্শন, শত চেষ্টা করেও সাফল্য যদি না আসে তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বরং সেই পথ থেকে কিছু না কিছু শেখা যায়।
মাহি মনে করেন, নিজের প্রতি সৎ থেকেও সাফল্য পাওয়া যায়। সব সময় নিজের 100 শতাংশ দিয়ে চেষ্টা করা উচিত। পাশাপাশি কঠিন পরিস্থিতিকে ভয় না পেয়ে তার মুখোমুখি হয়ে জীবন যুদ্ধে লড়ে যাওয়া উচিত বলেই দাবি মাহির। নিজের জীবনের দর্শন জানানোর পাশাপাশি বাবাকে ঘিরে থাকা স্মৃতিও স্মরণ করেছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য। রাজ শামানীর পডকাস্টে নিজের বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে মাহি বলেন, “আমি আমার বাবাকে খুব ভয় পেতাম, তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি, নিজের সময়কে গুরুত্ব দিতে এবং অন্যের সময় নষ্ট না করতে।”
আরও পড়ুন: ভারতে বসেই কলকাঠি নাড়ছেন হাসিনা? বাংলাদেশে জ্বলছে আগুন, পুড়ছে বাড়ি ঘর!
প্রসঙ্গত, গত বছর চেন্নাই সুপার কিংস দলে থাকলেও গোটা IPL সিজনে মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। চোট ও ফিটনেস জনিত কিছু সমস্যার কারণেই নাকি মাহিকে খেলায়নি চেন্নাই। কাজেই ভক্তরা ধরেই নিয়েছিলেন 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই অবসর নিয়ে নেবে 7 নম্বর জার্সি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে ক্রিকেট ছাড়লেও চেন্নাই সুপার কিংসের সাথেই রয়ে গেলেন ক্যাপ্টেন কুল।










