টিকিট কেটে সরকারি বাসে না উঠলে ৩ মাস নিষিদ্ধ, ব্লক হবে নম্বর! হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

Published:

Government Bus

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার পূর্ব প্রতিশ্রুতি মেনেই সরকারি বাসে (Government Bus) মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করেছে। দূরপাল্লার পথ হোক বা শহরের মধ্যে – রাজ্যের মহিলা নাগরিকরা বৈধ পরিচয়পত্র দেখিয়ে যেকোনো সরকারি পরিবহন সংস্থা পরিচালিত বাস বিনামূল্যে ভ্রমণ করতে পারেন। তবে সম্প্রতি এই সুবিধার অপব্যবহার নিয়ে অভিযোগ উঠেছে, বিশেষ করে দূরপাল্লার সরকারি বাসের ক্ষেত্রে। দেখা যাচ্ছে, অনেকে অনলাইনে টিকিট বুক করেও শেষ পর্যন্ত যাত্রার সময় আর উপস্থিত হচ্ছেন না। এর ফলে যাত্রাপথে সংরক্ষিত আসনগুলো কার্যত খালিই থেকে যাচ্ছে এবং প্রকৃত যাত্রীরা আসন পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি জানান যারা বারংবার এরকম করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

তিন মাসের জন্য অ্যাকাউন্ট ব্যান করার হুঁশিয়ারি

পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন যে, কিছু মানুষ খুব চাতুর্যের সাথে এই সরকারি সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছেন। তাঁরা আগেভাগে সিট বুক করছেন, কিন্তু বাসে উঠছেন না। প্রায়শই দেখা যাচ্ছে, মহিলাদের নামে ৩০ থেকে ৩৫টি আসন রিসার্ভ থাকলেও সেগুলো পুরোপুরি খালি পড়ে থাকছে। তিনি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেন, যেখানে সল্টলেক করুণাময়ী থেকে কৃষ্ণনগরগামী একটি বাসে সব আসন আগে থেকে সংরক্ষিত করা থাকলেও, বাস্তবে মাত্র নয়জন যাত্রী বাসে উঠেছিলেন। তিনি সতর্ক করে বলেন যে, যারা এমনটা করছেন তাদের শনাক্ত করা হবে ও তাদের ওপর তিন মাসের জন্য সরকারি বাসে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হবে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি (NBSTC)-এর সুপারভাইজার দেবদীপ ভট্টাচার্য জানিয়েছেন, কলকাতা থেকে শিলিগুড়িগামী ৪৩ আসনের একটি বাসে মহিলাদের নামে ১১টি আসন বুক করা হয়েছিল, কিন্তু তাদের কেউই বাস যাত্রার সময় আসেননি। তাঁর সহকর্মী সোমা চক্রবর্তী জানান যে, রাত ৮টার শিলিগুড়িগামী ‘রকেট’ বাসটি তাদের সিস্টেমে পুরোপুরি বুকড দেখালেও, বাস্তবে খুব কম যাত্রীই তাতে উঠেছিলেন। আরেকটি ঘটনায়, এক মহিলা একটি ফোন নম্বর ব্যবহার করে ১৪টি টিকিট বুক করেছিলেন কিন্তু যাত্রার সময় উপস্থিত হননি, তিনি দাবি করেছেন যে তিনি সঠিক সময়ে ভ্রমণ করতে পারেননি, অথচ চাইলে তিনি খুব সহজেই টিকিটগুলো বাতিল করতে পারতেন।

আরও পড়ুন: শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেসের কামরায় মদের আসর পুলিশ কর্মীর, প্রতিবাদী মহিলার সঙ্গে বচসা

অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে আধার নম্বর ও ফোন নম্বর দেওয়ার প্রয়োজনীয়তা থাকলেও, একটি ফোন নম্বর ব্যবহার করে কতগুলো টিকিট কেনা যাবে, তার কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা নেই। আর এর সুযোগ নিয়েই অনেকে যখন খুশি উদ্দেশ্য ছাড়াই আসন বুক করে রাখছেন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে পরিবহন সংস্থাগুলো একটি বিশেষ সফটওয়্যার চালু করার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যার মাধ্যমে বুকিংয়ের জন্য ব্যবহৃত ফোন নম্বরগুলো পর্যবেক্ষণ করা হবে ও যারা টিকিট বুক করেও বাসে ওঠেন না, তাদের শনাক্ত করা সম্ভব হবে। যদি একাধিকবার এই অনিয়ম ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট ফোন নম্বরটিকে শনাক্ত করে ব্লক করে দেওয়া হবে, এর ফলে ওই নম্বর থেকে ভবিষ্যতে আর অনলাইনে টিকিট বুক করা যাবে না। এই পদক্ষেপটি কার্যকর করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে রাজ্যের পরিবহন সংস্থাগুলি।

google button