ভারতে বসেই কলকাঠি নাড়ছেন হাসিনা? বাংলাদেশে জ্বলছে আগুন, পুড়ছে বাড়ি ঘর!

Published:

Hasina Bangladesh Unrest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিসেম্বরে নিজের দেশে ফিরবেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তার আগে বাংলাদেশে (Bangladesh) জ্বলছে আগুন। প্রত্যাশিতভাবেই, ওপার বাংলার একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিশেষ করে গত দুদিন ধরে ওপারের একাধিক জায়গায় অগ্নিসংযোগ থেকে শুরু করে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এমনকি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। সবচেয়ে বড় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায়, সেখানে আওয়ামী লিগ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের। টুঙ্গিপাড়া থানায় হামলা এমনকি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন লাগানো হয়েছে একাধিক বাড়িতেও!

উত্তাল বাংলাদেশ

টুঙ্গিপাড়ার পাশাপাশি গতকাল রাতেই গোপালগঞ্জ 3 আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল আওয়ামী লিগ ও ছাত্রলিগের কর্মীকে আটক করার পরই। অভিযোগ, তাঁকে আটক করার পরেই আন্দোলনকারীদের একটি বিরাট দল প্রথমে থানা ঘেরাও করে এবং পরবর্তীতে থানার ভেতরে ঢুকে ভাংচুর চালায়। আন্দোলনকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছিল পুলিশ। কিন্তু তাতে কাজের কাজ হয়নি।

পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। এমনকি পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে একাধিক আওয়ামী লিগ সমর্থকের বিরুদ্ধে। পরে পুলিশ পিছু হটেলে থানার গাড়ি থেকে শুরু করে পুলিশ স্টেশনের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা! শুধু গোপালগঞ্জ নয় বরং বাংলাদেশের বিভিন্ন এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগের মধ্যে কৃষক দলের নেতা রাজু মোল্লার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিএনপি ও স্থানীয় সূত্রের অভিযোগ, আওয়ামী লিগ ও নিষিদ্ধ ছাত্রলিগের কর্মীদের করা অবরোধের সময় তাঁকে মারধর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক আচরণ প্যালেস্টাইন তারকার, অ্যাকশন নিল AIFF

এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে ঢাকার পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরায় চারটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেই প্রথম আলো সূত্রে খবর। যে ঘটনায় অবশ্য গ্রেফতার হয়েছেন অনেকেই। এরই মাঝে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে রাজনৈতিক পাল্টা হামলার কারণে। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগের প্রাক্তন সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক রাজনৈতিক দলের বিরুদ্ধে। ডিসেম্বরের আগে বাংলাদেশের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি ভারতে বসেই সমস্ত কলকাঠি নাড়ছেন হাসিনা? এ নিয়ে অবশ্য বিশ্বাসযোগ্য কোনও খবর মেলেনি।

google button