ট্রেনের গতি বাড়াতে বড় পদক্ষেপ, হাওড়া ডিভিশনে আধুনিক প্রযুক্তি চালু করল পূর্ব রেল

Published:

Howrah Division

সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়া ডিভিশনের (Howrah Division) যাত্রীদের জন্য রইল জরুরি খবর। এবার রেলের তরফে এমন এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে আগামী দিনে ট্রেনে ভ্রমণ আরও সহজ হবে। হাওড়া ডিভিশন হল এশিয়ার অন্যতম ব্যস্ত একটি ডিভিশন। বিশেষ করে হাওড়া স্টেশনের ওপর দিয়ে রোজ কয়েক হাজার ট্রেন এবং কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করছেন। গোটা ডিভিশনের ক্ষেত্রেও এই সংখ্যাটা আরও বেশি। তবে এত বড় ডিভিশন চালানো মুখের কথা নয়। একদিকে যেমন যাত্রীদের খুশি আছে তো আবার অনেক যাত্রীই ট্রেনের সময়ানুবর্তিতা নিয়ে প্রশ্ন তোলেন, ক্ষোভ প্রকাশ করেন। তবে আগামী দিনে সেই সমস্যার সমাধান ঘটতে চলেছে বলে খবর। কীভাবে? চলুন জেনে নিই।

হাওড়া ডিভিশনে বড় উদ্যোগ পূর্ব রেলের!

জানা গিয়েছে, পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে হাওড়া ডিভিশনে মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার (Multi Section Digital Axle Counter) ব্যবহার করে ডুয়াল ডিটেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। বিষয়টি কি মাথার ওপর দিয়ে গেল? সহজ ভাষায় বললে, এটি হল এমন একটি ব্যবস্থা যার দরুণ এবার থেকে ট্রেনের চাকা গণনা করে রেললাইন ফাঁকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

সুবিধা হবে যাত্রীদের

প্রাথমিকভাবে, হাওড়া–বর্ধমান কর্ড লাইনের পাল্লা রোড এবং শক্তিগড়ের মধ্যে ১৯টি চিহ্নিতকরণ পয়েন্ট ব্যবহার করে ১০টি ট্র্যাক সেকশন জুড়ে বিদ্যমান মেধা মাল্টি-সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার চালু করা হয়েছে। রেলের লক্ষ্য, একদম সমান্তরালভাব দুটি স্বাধীন চিহ্নিতকরণ ব্যবস্থা, যার ফলে যাত্রী সুরক্ষার সঙ্গে কোনও আপোষ না হয়।

আরও পড়ুন: শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেসের কামরায় মদের আসর পুলিশ কর্মীর, প্রতিবাদী মহিলার সঙ্গে বচসা

এর পাশাপাশি একটি নতুন ফ্রশার মাল্টি-সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার কাজ করছে। ট্রেন চলাচলের সুবিধার জন্য ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। যার ফলে ইন্টারলকিং এবং সিগন্যালে তথ্য সরবরাহ হবে। যেখানে ফ্রশার ব্যবস্থাটি একটি পৃথক কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল রুট ব্যবহার করে, যাতে একটি কেবল কেটে গেলেও দুটি ব্যবস্থা একসঙ্গে অচল হয়ে না পড়ে। শক্তিগড়ের দিকে আপ লাইন, পাল্লা রোডের দিকে ডাউন লাইনে এই কাজ হয়েছে। শোনা যাচ্ছে, আগামী দিনে বাকি সেকশনগুলিতেও এই ব্যবস্থা লাগু করা হবে।

google button