প্রীতি পোদ্দার, কলকাতা: লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মাদক কারবারিদের ধরা, তাইতো রাজ্যজুড়ে মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া অভিযান চালাচ্ছে পুলিশেরা। কিন্তু সেই কাজ করতে গিয়েই এবার উঠে এল আজব অভিযোগ। ড্রাগস চক্রের সন্ধানে করতে গিয়ে বাড়ি থেকে মুরগি চুরি করলেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দুই পুলিশকর্মী। আর সেই খবর জানাজানি হতেই সাসপেন্ড করা হল দু’জনকে। ঘটনাকে (Police Chicken Theft) কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মুরগি চুরি করল পুলিশ!
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, নেশামুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই রাজ্যজুড়ে মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া অভিযান চালাচ্ছে পুলিশ। কোথাও উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদক, কোথাও আবার গ্রেফতার করা হচ্ছে মাদক কারবারীদের। কিন্তু বিগত কয়েকদিন ধরে মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায় ড্রাগস চক্রের কারবারের খবর পাওয়া যাচ্ছে। আর সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ হেরোইন এবং নগদ টাকাও। তবে এসবের মাঝেই ঘটল আরেক কাণ্ড। অভিযান চলাকালীন নাকি একটি বাড়ি থেকে লড়াইয়ের মুরগি চুরি করে দুই পুলিশ কর্মী।
বিদ্রূপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মাদক কারবারিদের ধরতে গিয়ে পুলিশের কর্মীদের বিরুদ্ধেই এমন লজ্জাজনক অভিযোগ উঠে আসায় স্বাভাবিকভাবেই শুরু হয় শোরগোল। প্রশাসনের উচ্চ আধিকারিকরা অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। এরপরই জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ স্বরূপ ওই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করে। মাদকবিরোধী অভিযানের মত এত বড় প্রজেক্টে এই ধরনের কাজ ঘটে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়। এমনকি এই কর্মকাণ্ড নিয়ে বিদ্রূপ করতে ছাড়লেন না মমতাপন্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে তিনি লেখেন, “রক্ষক যখন ভক্ষক, মুরগিও তখন নিরাপদ নয়!”
আরও পড়ুন: শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেসের কামরায় মদের আসর পুলিশ কর্মীর, প্রতিবাদী মহিলার সঙ্গে বচসা
মুরগি চুরির প্রসঙ্গে মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, “এটা আমাদের ইন্টারনাল বিষয়। তবে কেউ দোষ করলে তো শাস্তি পেতেই হবে।” সবমিলিয়ে মাদকবিরোধী অভিযানের মাঝেই পুলিশের বিরুদ্ধে মুরগি চুরির এমন অভিযোগ এখন বেশ চর্চায় রয়েছে। যদিও এই বিষয়ে এখনও সাসপেন্ডেড পুলিশ কর্মীদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










