ছ’মাস মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা, হিলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যা করলেন মহিলারা, শোরগোল

Published:

hili annapurna

আনিষা চৌধুরী, কলকাতা: দুঃস্থ মহিলাদের আর্থিক সাহায্য করতে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্প চালু করেছে বর্তমান সরকার। তবে প্রকল্প চালুর পর থেকেই টাকা না পাওয়ার অভিযোগে উপভোক্তাদের মধ্যে বিক্ষোভ তৈরি হচ্ছে। এবার তেমনই এক বিক্ষোভের সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরের হিলি (Hili)। হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুর, চক বলরাম ও ন-পাড়ার মহিলারা এই বিক্ষোভে শামিল হন। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

কী দাবি মহিলাদের?

জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার প্রতিবাদে সংশ্লিষ্ট এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন মহিলারা। এর জেরে বন্ধ হয়ে যায় কেন্দ্রের পঠনপাঠন। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, টানা ছয় মাস ধরে তাঁরা প্রকল্পের টাকা পাচ্ছেন না। বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাঁদের দাবি, দ্রুত বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এরপর বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও প্রশাসনের তরফে মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দেন বলে জানা গিয়েছে।

আন্দোলনকারী রুপালী সরকারের বক্তব্য অনুযায়ী, “আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না। ছয় মাস ধরে টাকা পাচ্ছি না। আমাদের উনুনে হাঁড়ি চড়ছে না। তাই আজ আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মেরে দিয়েছিলাম। আমাদের টাকা পাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেওয়ায় আমরা তালা খুলেছি। সরকারের কাছে আমাদের দাবি, যে ছয় মাস আমরা টাকা পাইনি, সেই ছয় মাসের টাকা আমাদের দিতে হবে। বিডিও অফিসে এসেছিলাম, বিভিন্ন নেতার কাছে গিয়েছি, কোনও লাভ হয়নি। যেখানেই যাচ্ছি, বলা হচ্ছে ‘আন্ডার প্রসেস’ রয়েছে, টাকা পাবেন। এই পাবেন, পাবেন করতে করতেই ছয় মাস কেটে গেল। আমরা কার কাছে যাব? আমাদের বিধায়ক বিদ্যুৎ রায় ভোটের আগে রাস্তায় রাস্তায় জোড়হাত করে বলছিলেন, ভোট দিন, সঙ্গে সঙ্গে তিন হাজার টাকা পেয়ে যাবেন। কোথায়? একটা টাকাও তো পাইনি।”

আরও পড়ুন: টিকিট কেটে সরকারি বাসে না উঠলে ৩ মাস নিষিদ্ধ, ব্লক হবে নম্বর! হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন উপভোক্তারা। কখনও বালুরঘাট, কখনও কোচবিহার, আবার কখনও মালদহ ও জঙ্গিপুরে একই দাবিতে প্রশাসনিক দফতর ও পুরসভা ঘেরাও করে প্রতিবাদে সামিল হয়েছেন মহিলারা। কোথাও পথ অবরোধ, কোথাও আবার সরকারি দফতরে তালা ঝোলানোর ঘটনাও ঘটেছে। এবার হিলিতেও একই অভিযোগে বিক্ষোভের ঘটনা সামনে এল। উপভোক্তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বকেয়া টাকা মেটানোর ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।

google button