আনিষা চৌধুরী, কলকাতা: রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। গত ২৫ বছরে রাজনৈতিক হিংসার ঘটনায় নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরি (Government Jobs) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।
কারা কারা আবেদন করতে পারবেন?
এই সিদ্ধান্তের আওতায় তৃণমূল সরকারের পাশাপাশি বাম আমলের ১০ বছরের শাসনকালে রাজনৈতিক হিংসার ঘটনায় নিহতদের পরিবারকেও ধরা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, নিহত ব্যক্তি কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন, তার ভিত্তিতে এই সুবিধা নির্ধারিত হবে না। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তাই দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পর থেকে রাজনৈতিক হিংসার ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবার এই প্রকল্পের আওতায় আসবে। মৃতের স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা কিংবা তৃতীয় লিঙ্গের সন্তান আবেদন করতে পারবেন। অবিবাহিত ব্যক্তির মৃত্যু হলে নির্দিষ্ট শর্তে তাঁর ভাই বা বোনও আবেদনের সুযোগ পাবেন।
তবে এই চাকরির জন্য বেশ কিছু যোগ্যতার শর্ত রাখা হয়েছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা ও ভারতীয় নাগরিক হতে হবে। পরিবারের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি হলে আবেদন বিবেচিত হবে না। পাশাপাশি পরিবারের কোনও সদস্য নিয়মিত সরকারি চাকরিতে থাকলে বা আয়করদাতা হলে সেই পরিবার এই সুবিধা পাবে না।
এই সিদ্ধান্তকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি ন্যায়বিচার ও তাঁদের ক্ষত মেরামতের পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে সরকারি নীতিতে পরিণত করার মাধ্যমে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সম্মান জানানোর বার্তাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ছ’মাস মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা, হিলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যা করলেন মহিলারা, শোরগোল
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ নভেম্বর ২০২৬ থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। যে জেলায় রাজনৈতিক হিংসার ঘটনাটি ঘটেছিল, সেই জেলার জেলাশাসকের দফতরে Form-A জমা দিতে হবে। সংশ্লিষ্ট জেলাশাসকের দফতর থেকেই আবেদনপত্র পাওয়া যাবে। প্রকল্পের বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের জন্য রাজ্য সরকারের home.wb.gov.in ওয়েবসাইটে যেতে বলা হয়েছে।










