কার্তিক পুজোয় বাপের বাড়ি স্ত্রী, অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী স্বামী

Published:

kartik puja

আনিষা চৌধুরী, কলকাতা: আত্মহত্যার পিছনে কখনও থাকে মানসিক অবসাদ, কখনও প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা, আবার কখনও আর্থিক অনটন কিংবা পারিবারিক অশান্তি। নানা কারণে মানুষ এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবার কার্তিক পুজোকে (Kartik Puja) কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি! পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর আলুনির মাঠ এলাকার বাসিন্দা ৪১ বছরের সুধন ঘোষের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কার্তিক পুজোয় স্ত্রীকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনতে না পেরেই এই চরম পদক্ষেপ করেন তিনি বলে পরিবারের দাবি।

ঠিক কী ঘটেছে?

ভাইফোঁটার সময় দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন সুধনের স্ত্রী গৌতমী। তাঁর বাপের বাড়ি কাটোয়ায়। পরিবার সূত্রে খবর, রবিবার স্ত্রীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেন সুধন। কিন্তু গৌতমী তাঁকে জানান, বাপের বাড়িতে কার্তিক পুজো এবং কার্তিক লড়াই দেখার পরেই তিনি শ্বশুরবাড়ি ফিরবেন, তার আগে নয়। এই বিষয়টি নিয়েই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁদের জীবনে।

এর পরেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুধন। পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে আসেন পরিজনেরা। সুধনের ভাই তাপস মণ্ডল জানান, কীটনাশক খাওয়ার কিছুক্ষণ পরেই চিৎকার করে বাঁচানোর জন্য তাঁর কাছে সাহায্য চান সুধন। তাপসের কথায়, ‘‘দাদা চিৎকার করে বলে, আমাকে বাঁচা। আমি কীটনাশক খেয়েছি।’’

এর পরেই তড়িঘড়ি সুধনকে পূর্বস্থলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হয়।

আরও পড়ুন: গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি, জারি বিজ্ঞপ্তি

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুধনের শ্বশুরবাড়ি কাটোয়ায়। সেখানে কার্তিক পুজো বেশ ধুমধাম করে পালিত হয়। অন্যদিকে, সুধনের নিজের এলাকাতেও কার্তিক পুজো বড় উৎসব হিসেবেই পরিচিত। দুই এলাকাতেই এই পুজো বেশ ধুমধাম করে পালন করা হয়। সেই কারণেই স্ত্রীকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে চেয়েছিলেন সুধন। পুজো কাটানো নিয়ে স্বামী-স্ত্রীর মান-অভিমানের বিবাদ শেষ পর্যন্ত এমন মর্মান্তিক পরিণতি ঘটাবে, সেটা হয়তো পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি।

google button