প্রীতি পোদ্দার, কলকাতা: সংশোধনাগারেও চলছে তোলাবাজি! ভালোভাবে থাকা ও খাওয়ার পরিবর্তে অভিযুক্তদের একাংশের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠল অন্য বন্দিদের বিরুদ্ধে। এমনই চিত্র দেখা গেল বসিরহাট (Basirhat) জেলে। জানা গিয়েছে, এই তোলাবাজির (Extortion Scandal) টাকার বড় অংশ নাকি আধিকারিকদের কাছে যায়। শুধু তাই নয় তাঁদের মদতেই নাকি জেলে বসে মোবাইল ফোন ব্যবহার করে দেদার চলত তোলাবাজি (Basirhat Jail Extortion)। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়।
সংশোধনাগারে তোলাবাজির অভিযোগ!
ক্ষমতায় আসার পরেই রাজ্যে তোলাবাজি বন্ধের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তোলাবাজি ইস্যুতে হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ, অর্জুন সিং এবং শমীক ভট্টাচার্যও। জেলায় জেলায় তোলাবাজি কাণ্ডে একের পর এক গ্রেফতারির অভিযোগও উঠেছে। কিন্তু তবুও থামেনি তোলাবাজির কারবার। নেতা ও বিধায়কদের বিরুদ্ধেও উঠছে সেই সব অভিযোগ, তবে এবার সকলকে ছাপিয়ে সংশোধনাগারে উঠল তোলাবাজির অভিযোগ। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বসিরহাট উপ–সংশোধনাগারে। অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েক জন বন্দি জেল কর্তৃপক্ষের প্রশ্রয়ে নিজেদের প্রভাবশালী বানিয়ে টাকা তুলে চলেছে।
কী বলছেন অভিযোগকারীরা?
দিনের পর দিন বসিরহাট উপসংশোধনাগারে এই কর্মকাণ্ড ঘটতে থাকায় শেষে বসিরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সদ্য ছাড়া পাওয়া তিন বন্দি। তাঁদের অভিযোগ, “বসিরহাট সাব জেলে দীর্ঘদিন ধরে কয়েক জন বন্দি নিজেদের প্রভাবশালী করে তুলেছে জেল কর্তৃপক্ষের প্রশ্রয়ে। বাকি বন্দিদের কাছ থেকে টাকা আদায়, ভয় দেখানো, হুমকি, মানসিক ও শারীরিক নির্যাতন এবং বেআইনি শাস্তির ব্যবস্থাও চালু করেছে তারা। জেলের হেড ওয়ার্ডারের মদতে সিন্ডিকেট তৈরি করে তারা ক্রমাগত তোলা আদায় করছে। এ সবের তদন্ত ও প্রতিকার চেয়ে সোমবার পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: প্রাক্তন প্রেম নিয়ে কেন কটাক্ষ? ট্রোলারদের একহাত নিলেন দেবাংশুর বাগদত্তা মেঘনা
সংশোধনাগারে তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে বসিরহাট সাব জেলের জেলর গোরাচাঁদ মুখোপাধ্যায় বেশ কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি জানিয়েছেন যে, “আমাদের কাছে এমন কোনও খবর নেই। তবে যদি এসপি ম্যাডামের কাছে অভিযোগ হয়ে থাকে তবে তিনি বিষয়টি তদন্ত করে দেখুন। এখানে বন্দিরা ভালো আছেন। অনেক সময়ে বন্দির ভিড় থাকায় অন্যত্র ট্রান্সফার করতে হয়।” এখন দেখার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কোন দিকে মোড় নেয়।










