অনন্যা সরকার, পাঞ্জাব: কথায় বলে, ঈশ্বর যখন দেন, তখন হাত খুলেই দেন। ঠিক তেমনটাই ঘটেছে পাঞ্জাবের মোহালি জেলার ডেড়া বাসির হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী টিপার ট্রাক চালক ও ক্ষুদ্র কৃষক বলজিন্দর সিংয়ের সাথে। তিনি রাতারাতি কোটিপতি হয়ে গেছেন (Lottery Winner)। মাত্র ৫০০ টাকা দিয়ে কেনা একটি লটারি টিকিট তাকে ‘পাঞ্জাব স্টেট ডিয়ার দিওয়ালি বাম্পার ২০২৬’ লটারিতে ১২ কোটি টাকার প্রথম পুরস্কার এনে দিয়েছে।
রাতারাতি ঘুরে গেল ভাগ্যের চাকা
দীপাবলির আগে ১০ নভেম্বর বলজিন্দর সিং হান্দেসরার এক লটারি বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা দিয়ে দিওয়ালি বাম্পার লটারির টিকিটটি কিনেছিলেন। ১৬ নভেম্বর রাতে লাকি ড্র অনুষ্ঠিত হওয়ার পর, রাত ১১টার দিকে তিনি জানতে পারেন যে, তার টিকিটটি প্রথম পুরস্কার জিতেছে। বলজিন্দর জানান, ২০১০ সাল থেকেই তিনি উৎসবের মরশুমে আয়োজিত স্পেশাল লটারির টিকিট কিনে আসছেন। পরিবারের কাছে বিষয়টি গোপন রাখলেও, তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন যে ঈশ্বর একদিন তার প্রার্থনায় ঠিক সাড়া দেবেন এবং তাঁর ভাগ্য বদলে যাবে। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো।
বলজিন্দর সিংয়ের পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান, ছোট ভাই এবং বাবা। টিপার ট্রাক চালিয়ে ও কৃষিকাজ করে সংসারের ভরণপোষণ করেন তিনি। বলজিন্দর জানিয়েছেন, তিনি এই পুরস্কারের অর্থ তাঁর সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ও পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যয় করবেন। লটারিতে ১২ কোটি টাকা জেতার খবর ছড়িয়ে পড়তেই হুমায়ুনপুর গ্রাম উৎসবের আমেজে মেতে ওঠে। আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা বলজিন্দরের বাড়িতে ভিড় জমান ও তাকে অভিনন্দন জানান। এমনকি মিষ্টি বিতরণও করেন কেউ কেউ।
আরও পড়ুন: এক লটারির টিকিটেই বাজিমাত, রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের গরিব রাজমিস্ত্রি
উল্লেখ্য, এই দিওয়ালি স্পেশাল বাম্পার লটারির জন্য মোট ৩৬ লক্ষ টিকিট ছাপিয়ে বিক্রি করা হয়েছিল। টিকিটগুলো ১২টি সিরিজে ইস্যু করা হয়, যার নম্বর ৭,০০,০০০ থেকে ৯,৯৯,৯৯৯-এর মধ্যে ছিল। বলজিন্দর সিং বর্তমানে তার বন্ধুদের সঙ্গে জিরাকপুরে রয়েছেন এবং পুরস্কারের অর্থ দাবি করার জন্য প্রয়োজনীয় নথিপত্র গোছানোর কাজ করছেন। ৫০০ টাকার একটি লটারির টিকিট অতি সাধারণ একটি পরিবারের ভাগ্য এক নিমেষে পাল্টে দিয়েছে।










