প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (Weather Tomorrow) বৃহস্পতিবার সকালে আরও শক্তি বাড়াবে। এবং শুক্রবার, নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। অন্যদিকে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Tomorrow) একাধিক জেলায়। পার পাবে না উত্তরবঙ্গ।
আবহাওয়া পরিবর্তন রাজ্যের
ঘূর্ণিঝড় আকভানের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। আজ সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই আংশিক মেঘের আনাগোনা বেড়ে যায়। আজও রাতের দিকে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার মেজাজ পরিবর্তন হতে চলেছে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: কলকাতা পুলিশের শক্তি বাড়াতে তৈরি হচ্ছে নতুন র্যাফ ব্যাটালিয়ন, সবুজ সংকেত নবান্নের
এছাড়াও শুক্র ও শনিবারও দুর্যোগের পরিস্থিতি বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে রবিবার বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়া বেশ উন্নত হবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল যে ঘূর্ণিঝড়ের কোন প্রভাব উত্তরবঙ্গে পড়বে না। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে মালদা এবং দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এছাড়াও দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। আশা করা যাচ্ছে উত্তরবঙ্গের পারদ আরও ২-৩ ডিগ্রি কমবে।










