আনিষা চৌধুরী, কলকাতা: তৃণমূলের প্রাক্তন যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। গত ১৫ নভেম্বর, রবিবার ঘরোয়া অনুষ্ঠানে বাগদান তথা আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে তাঁর। হবু জীবনসঙ্গীর নাম মেঘনা শর্মা। তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা এবং পেশায় বিমানসেবিকা। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারতে চলেছেন তাঁরা। তবে হবু স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সমাজমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হতেই এবার দেবাংশু ও তাঁর হবু স্ত্রীর পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী (Upasana Chowdhury)।
কী বললেন তৃণমূল নেত্রী?
দেবাংশুর সঙ্গে একসময় রাজনৈতিক কাজের সূত্রে যুক্ত ছিলেন উপাসনা। সেই প্রাক্তন সহকর্মীর জীবনের নতুন অধ্যায়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর হবু স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিনা প্রমাণে কুরুচিকর মন্তব্যেরও প্রতিবাদ করেছেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্ট করে উপাসনা স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনও ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করা যেমন অনুচিত, তেমনই তাঁর হবু স্ত্রীকে নিয়েও প্রমাণ ছাড়া চরিত্রহননের চেষ্টা নিন্দনীয়।
নিজের পোস্টে উপাসনা লেখেন, “প্রথমেই আমার প্রাক্তন সহকর্মী দেবাংশু ভট্টাচার্য এবং তাঁর হবু স্ত্রীকে জানাই আগামী জীবনের জন্য একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। এবার বর্তমান প্রসঙ্গে আসি। দেবাংশু একসময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর অতীত ব্যক্তিগত জীবন, সেখানে তাঁর সম্পর্কের সংখ্যা বা সমীকরণ ইত্যাদি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া করা যেমন অনুচিত, তেমনই তাঁর হবু স্ত্রী দুবাইতে কারও সঙ্গে সহবাস করেছেন কি না, তিনি পূর্বে বিবাহিত ছিলেন কি না—এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে বিনা প্রমাণে কুরুচিকর আলোচনা ও চরিত্রহননের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক পরিচয় থাকুক বা না থাকুক, প্রত্যেক মানুষের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার অধিকার রয়েছে। বিনা প্রমাণে কাউকে কলঙ্কিত করার এই সোশ্যাল মিডিয়া প্রবণতা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। এই নোংরা প্রবণতার তীব্র নিন্দা জানাই। দেবাংশু ও তাঁর হবু স্ত্রীকে আবারও জানাই আগামী জীবনের জন্য আন্তরিক শুভকামনা।”
আরও পড়ুন: ফিলিপিনস থেকে ভারতে এলেন প্রধানমন্ত্রী, বহু গুরুত্বপূর্ণ এই সফরে ঘুম উড়বে চিন-পাকিস্তানের!
উল্লেখ্য, উপাসনা চৌধুরীর তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক যোগ রয়েছে। তিনি যুব সংগঠনের পাশাপাশি দলের ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া পরিসরেও কাজ করেছেন। ২০২৩ সালে প্রকাশিত তৃণমূলের রাজ্য আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের কমিটির তালিকায় তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছিল। অন্যদিকে, দেবাংশুও একসময় তৃণমূলের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর তাঁর রাজনৈতিক সক্রিয়তা অনেকটাই কমেছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার পর দলের সাংগঠনিক দায়িত্ব থেকেও তিনি সরে যান বলে জানা যাচ্ছে।










