“বিজেপির কেউ আমাকে গালাগালি দেবেন না” মানিব্যাগে হনুমান চালিশা নিয়ে ঘুরছেন কুণাল ঘোষ

Published:

kunal ghosh

আনিষা চৌধুরী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ কুণাল ঘোষ (Kunal Ghosh)। বেলেঘাটার বিধায়ক কুণাল বরাবরই বিজেপির বিরুদ্ধে সরব। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে একাধিক শিবির। বর্তমানে দল কার্যত দুই ভাগে বিভক্ত। একদিকে মমতা ব্যানার্জির অনুগামী শিবির, অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির। এই পরিস্থিতিতে কুণাল ঘোষের অবস্থান অবশ্য স্পষ্ট। তিনি রয়েছেন মমতা ব্যানার্জির পাশেই। এই দলীয় বিভাজনের আবহেও বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ করে চলেছেন তিনি। আর এবার নিজের মানিব্যাগে হনুমান চালিশা থাকার কথা জানিয়ে বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিলেন কুণাল।

কী দাবি কুণাল ঘোষের?

বিজেপির সঙ্গে কুণাল ঘোষের রাজনৈতিক সংঘাত নতুন নয়। বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা করেছেন তিনি। তৃণমূলের অন্দরে ভাঙনের পরও বিজেপির বিরুদ্ধে তাঁর আক্রমণের সুর দমেনি। গত জুন মাসে কুণাল অভিযোগ করেছিলেন, মমতা ব্যানার্জির অনুগামীদের পুরনো মামলা ও নতুন অভিযোগে ফাঁসানো হচ্ছে, অথচ বিদ্রোহী শিবিরের নেতারা ছাড় পাচ্ছেন। বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচিতেও দলীয় ভাঙনকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মাঝপথে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এমনকি, বিদ্রোহী শিবিরের নেতাদের বিজেপির ঘনিষ্ঠ বলেও কটাক্ষ করেছেন একাধিকবার।

সেই রাজনৈতিক সংঘাতের আবহেই এবার সামনে এল কুণাল ঘোষের মানিব্যাগে থাকা হনুমান চালিশার প্রসঙ্গ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মানিব্যাগ খুলে ভিতরে রাখা হনুমান চালিশা দেখান তিনি। এরপরই বিজেপিকে উদ্দেশ্য করে রীতিমতো কটাক্ষের সুরে বলেন, “এই যে আমার মানিব্যাগ, ভিতরে হনুমান চালিশা। আমি বিজেপি? যিনি পুজো করেন, তিনি হয়তো বলেছিলেন, এটি সঙ্গে রাখবেন। তাহলে কাল থেকে বিজেপির কেউ আমায় গালাগালি দেবেন না কিন্তু। হনুমান চালিশা আমি ধারণ করে আছি।”

উল্লেখ্য, সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের অনুষ্ঠান। ‘সনাতন ভাইবস’ নামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে নিশানা করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, আগের সরকারগুলির আমলে হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, যারা সনাতন ধর্ম ও ঐতিহ্যকে অসম্মান করে, তাদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সরব হতে হবে। পাশাপাশি আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ মানুষের অংশগ্রহণে গীতাপাঠের আয়োজনের কথাও ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: শুরু হল বেলুড় মঠ-জয়রামবাটি সরকারি AC ভলভো বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়গুলিকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সনাতন ধর্ম, গীতাপাঠ, হনুমান চালিশার মতো বিষয়গুলিকে সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরছে বিজেপি। ধর্মীয় অনুষ্ঠানগুলিও ক্রমশ রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসছে। আর সেই আবহেই মানিব্যাগে হনুমান চালিশা রেখে বিজেপিকে পাল্টা বার্তা দিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্যে স্পষ্ট, ধর্মীয় পরিচয় বা আচার-অনুষ্ঠানকে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে এক করে দেখতে নারাজ তিনি।

google button