আনিষা চৌধুরী, কলকাতা: শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে ভয়াবহ ঘটনা! কলেজের গার্লস কমনরুমে ঢুকে এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সিউড়ি বিদ্যাসাগর কলেজের (Siuri Vidyasagar College) এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কীভাবে একজন বহিরাগত ঢুকে এমন ঘটনা ঘটাল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
কী ঘটেছে কলেজে?
জানা গিয়েছে, মহম্মদ আলী চাঁদ নামে ওই যুবক কলেজের বাইরে নিজের বাইক রেখে ভিতরে ঢুকে পড়ে। এরপর সোজা চলে যায় মেয়েদের কমনরুমে। সেখানে এক ছাত্রীকে চুলের মুঠি ধরে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে শুরু করে সে। বিষয়টি নজরে আসতেই কলেজের নিরাপত্তারক্ষীরা ছুটে যান। তাঁরা যুবককে আটকানোর পাশাপাশি আক্রান্ত ছাত্রীকে উদ্ধার করেন। পরে তাকে কলেজের অফিসরুমে নিয়ে যাওয়া হয়। কলেজের অধ্যক্ষ এবং বড়বাবু পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।
কেন এমন ঘটনা ঘটাল ওই যুবক? এই প্রশ্নের উত্তরে সে জানায়, “এটা পার্সোনাল বিষয়।” ওই যুবকের কাছ থেকেই জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রী তার প্রেমিকা। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সে, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনা প্রসঙ্গে কলেজের এক ছাত্র জানান, “ওই ছেলেটি আমাদের এই কলেজের প্রাক্তন ছাত্র। ও বাইরে বাইকটা রেখে সঙ্গে সঙ্গে কলেজের মধ্যে ঢুকে পড়ে। সিকিউরিটি গার্ডরাও প্রথমে বিষয়টা বুঝতে পারেনি, তাই তারাও ছেলেটির পিছনে দৌড়ে যায়। ছেলেটি তাড়াতাড়ি করে গার্লস কমনরুমে যায়। তারপর ওই মেয়েটিকে খুব বাজেভাবে ফেলে মারে। চুলের মুঠি ধরে চড় মারে। এরপর গার্ডরা ওকে আটকে অফিসরুমে নিয়ে যায়। আমাদের প্রিন্সিপাল স্যার আর মলয় স্যার পুলিশকে জানিয়েছে। পুলিশ ছেলেটিকে ধরে নিয়ে গেছে।”
আরও পড়ুন: “বিজেপির কেউ আমাকে গালাগালি দেবেন না” মানিব্যাগে হনুমান চালিশা নিয়ে ঘুরছেন কুণাল ঘোষ
অন্যদিকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। সংগঠনের জেলা বিভাগ সংযোজক শুভদীপ রায় বলেন, “এই ঘটনাটা কখনওই কাম্য নয়। একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বহিরাগত ঢুকে যাচ্ছে এবং কোনও ছাত্রীকে মারধর করছে। এ বিষয়টায় এবিভিপি তীব্র প্রতিবাদ জানায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় বলেছে যে কলেজ ক্যাম্পাসটা হচ্ছে ছাত্র-ছাত্রীদের জায়গা। সেখানে বহিরাগতদের কোনও অস্তিত্ব নেই এবং বহিরাগতরা কোনও সময় ঢুকবে না। এবিভিপির পক্ষ থেকে আমরা ওই ছাত্রীর বাড়িতে যাব এবং তাকে আশ্বস্ত করব। পরবর্তীকালে এরকম ঘটনা আর ঘটবে না এবং আমরা সবসময় ছাত্রীদের পাশে আছি।”










