আয়ুষ্মান কার্ডে চিকিৎসা প্যাকেজ ২৩ থেকে বাড়িয়ে ১১২ করার প্রস্তাব, বড় উদ্যোগ কেন্দ্রের

Published:

ayushman bharat

আনিষা চৌধুরী, কলকাতা: আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির চিকিৎসার খরচের বোঝা কমাতে কেন্দ্রীয় সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের পুরো নাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana)। এর আওতায় থাকা যোগ্য উপভোক্তারা তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট চিকিৎসার জন্য ক্যাশলেস পরিষেবা পান। এবার এই প্রকল্পে চিকিৎসার সুযোগ আরও বাড়াতে নতুন পদক্ষেপের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

কী পরিকল্পনা নিয়েছে সরকার?

ন্যাশনাল হেলথ অথরিটি (National Health Authority)-র তরফ থেকে সরকারি হাসপাতালের জন্য সংরক্ষিত চিকিৎসার প্যাকেজের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগে এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালের জন্য ২৩টি হেলথ বেনিফিট প্যাকেজ (Health Benefit Packages) সংরক্ষিত ছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১১২ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন করে আরও ৮৯টি চিকিৎসার প্যাকেজ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন তালিকায় একাধিক পরিচিত রোগের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে গুরুতর রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ডায়রিয়া, আমাশয়, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং কিডনিতে পাথরজনিত সমস্যার চিকিৎসা। এছাড়াও জরায়ু অপসারণ, বায়োপসি, হাইড্রোসিল, পাইলস, সিস্ট ও লাইপোমার চিকিৎসার মতো একাধিক পদ্ধতিও প্রস্তাবিত তালিকায় রাখা হয়েছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও গ্লুকোমা শনাক্তকরণের স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রয়েছে।

এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য হল সাধারণ মানুষকে বাড়ির কাছাকাছি সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ করে দেওয়া। বিশেষ করে কমিউনিটি হেলথ সেন্টার (CHC) এবং মহকুমা হাসপাতালগুলিতে চিকিৎসার পরিকাঠামো আরও কার্যকরভাবে ব্যবহার করতে চাইছে কর্তৃপক্ষ। এর ফলে প্রত্যন্ত এলাকার রোগীদের আর চিকিৎসার জন্য দূরের হাসপাতালে ছুটতে হবে না। পাশাপাশি সরকারি হাসপাতালগুলি প্রকল্পের আওতায় চিকিৎসা প্রদানের বিনিময়ে যে অর্থ পাবে, তা পরিকাঠামো উন্নয়ন, ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম কেনা এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের কাজে ব্যবহার করা হবে।

আরও পড়ুন: শিক্ষকদের জন্য বড় স্বস্তি! সরকারি চাকরিতে ২৫ বছরের পুরনো নিয়ম বাতিল করল রাজ্য সরকার

ন্যাশনাল হেলথ অথরিটির তরফে গত ১৩ অক্টোবর রাজ্যগুলিকে প্রস্তাবিত তালিকা খতিয়ে দেখে নিজেদের মতামত জমা দেওয়ার জন্য জানানো হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে রাজ্যগুলিকে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে। সব দিক বিবেচনা করে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ব্যবস্থা কার্যকর করার প্রস্তাব রয়েছে। তবে সংশ্লিষ্ট রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক, বিশেষজ্ঞ, পরিকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে কি না, তার উপর নির্ভর করে প্যাকেজের সংখ্যা কমানোর স্বাধীনতাও রাজ্যগুলির হাতে থাকবে।

google button