অনন্যা সরকার, কলকাতা: আইআইএম (IIM)এর মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে এমবিএ (MBA) করা, শীর্ষস্থানীয় কোম্পানিতে উচ্চ বেতনের চাকরি পাওয়া – এগুলো অনেকের জীবনেরই লক্ষ্য হয়। কিন্তু গুরুগ্রামের বাসিন্দা ৩৭ বছর বয়সী অক্ষিতা জৈন এই সবকিছু পেয়েও এমন এক পথ বেছে নিয়েছেন, যা সাফল্যের প্রচলিত সংজ্ঞাকে ছাপিয়ে গিয়েছে। অক্ষিতা আইআইএম ব্যাঙ্গালোর থেকে এমবিএ পাস করার পর, ফিয়াট (Fiat), মার্সিডিজ-বেঞ্জ (Mercedes-Benz) এবং ভক্সওয়াগেন (Volkswagen)-এর মতো বড় বড় গাড়ি নির্মাণকারী সংস্থায় কাজ করেছেন। তাঁর শেষ কোম্পানি, ভক্সওয়াগেনে তিনি বছরে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করতেন। তবে, এই সমস্ত বিলাসব্যসন ছেড়ে তিনি এখন জৈন ‘সাধ্বী’ (Jain Sadhvi) বা সন্ন্যাসিনী হওয়ার পথে পা বাড়িয়েছেন।
এই সিদ্ধান্তের পিছনে কারণ কী?
করপোরেট জগতে কাজ করার সময়ই থাকাকালীনই অক্ষিতার আধ্যাত্মিক যাত্রার সূচনা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং ডেটা সেন্টার তৈরির ফলে পরিবেশের ওপর যে প্রভাব পড়ে, সে সম্পর্কে বিশদে জানার পর গভীর চিন্তায় পড়েন অক্ষিতা। মাটি খোঁড়া ও মাটির অণুজীবের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তাঁকে জৈন দর্শনের অহিংসার ধারণার আরও কাছাকাছি নিয়ে আসে। পদোন্নতি, ক্যারিয়ার ও আমোদ-আহ্লাদের ওপর থেকে ধীরে ধীরে তাঁর মন উঠতে থাকে। তারপরই তিনি জাগতিক মায়া ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণের সিদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্তে অক্ষিতার সঙ্গী হয়েছেন তাঁর মা, ৬১ বছর বয়সী শিরোমণি বাজাজ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে (IOC) প্রায় ৩৭ বছর কাজ করার পর, তিনি ২০২৫ সালের অক্টোবরে চিফ ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর তাঁর স্বামীর মৃত্যু, পরিবারের নানা দায়িত্ব এবং জৈন সাধ্বীদের সান্নিধ্য তাঁর আধ্যাত্মিক মনকে জাগরিত করে তোলে। দীর্ঘদিনের কর্মজীবন শেষে, তিনিও এখন তাঁর ঘরোয়া জীবন ও পেশাগত পরিচয়কে পিছনে ফেলে জৈন সন্ন্যাসিনী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: শুরু হল বেলুড় মঠ-জয়রামবাটি সরকারি AC ভলভো বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি
অক্ষিতা এবং শিরোমণি- মা ও মেয়ে দু’জনেই জৈন আধ্যাত্মিক গুরু সাধ্বী পূর্ণপ্রজ্ঞাশ্রীর অনুসারী। জানা গেছে, দীক্ষা গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে শিরোমণি বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন এবং কঠোর তপস্যা করেছেন। রাজস্থানের যোধপুরে তাঁদের জন্য একটি ঐতিহ্যবাহী ‘ভারঘোড়া’ বা শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে জৈন সন্ন্যাসী, সন্ন্যাসিনী ও বহু ভক্ত অংশগ্রহণ করেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে তাঁদের আনুষ্ঠানিক জৈন দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা। দীক্ষা গ্রহণের পর মা ও মেয়ে দুজনেই কঠোর তপস্যা, আত্মসংযম এবং আধ্যাত্মিক সাধনার পথে তাঁদের বাকি জীবন অতিবাহিত করবেন। ৫০ লক্ষ টাকা বেতনের চাকরি থেকে শুরু করে জাগতিক সমস্ত আশা-আকাঙ্ক্ষা ছেড়ে অক্ষিতা তাঁর মা শিরোমণির হাত ধরে এক গভীর সাধনার পথে এগিয়ে চলেছেন।










