অনন্যা সরকার, কলকাতা: আবার গেরুয়া বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে, সম্প্রতি কলকাতার এক নামকরা খ্রিস্টান মিশনারি স্কুলের (Missionary School) এক শিক্ষিকা গেরুয়া রঙের শাড়ি (Saffron Saree) পরে স্কুলে এসেছিলেন বলে তাঁকে কর্তৃপক্ষ বাধা দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এরসাথে তিনি সতর্ক সতর্ক করে দিয়েছেন যে, যদি স্কুল কর্তৃপক্ষ নিজেরাই এমন কোনো নিয়ম চাপিয়ে দিয়ে থাকে, তবে তাদের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) বাতিল করা হতে পারে।
গেরুয়া শাড়ি পরা নিয়ে বিতর্ক কলকাতার মিশনারি স্কুলের
মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন যে, রাজ্য সরকার কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ বরদাস্ত করবে না। তাঁর কথায়, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে এবং এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, স্কুল কর্তৃপক্ষ যদি কর্মচারীদের ওপর কোনো ‘ড্রেস কোড’ চাপিয়ে দিয়ে থাকে, তবে রাজ্য সরকারের দেওয়া এনওসি (No Objection Certificate) প্রত্যাহার করে নেওয়া হবে।
এই বিষয়টি নিয়ে প্রথম কথা বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন যে, ওই ভুক্তভোগী শিক্ষিকা গেরুয়া শাড়ি পরে বিজেপির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। স্কুলে ফিরে আসার পর এক সহকর্মী তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন যে, গেরুয়া শাড়ি পরে তিনি স্কুলের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এছাড়া, ওই স্কুলের ক্লাসরুমের ভেতরে পদ্ম ফুল দেখানো বা ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া নিষিদ্ধ বলেও অভিযোগ তোলা হচ্ছে।
আরও পড়ুন: সিউড়ির কলেজে বহিরাগতর তাণ্ডব! গার্লস কমনরুমে ঢুকে ছাত্রীকে মারধর, গ্রেফতার মহম্মদ আলী
প্রসঙ্গত, রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন বুধবার জানিয়েছেন যে, শিক্ষা দফতর এই ঘটনাটি সম্পর্কে সরেজমিনে খোঁজ নিচ্ছে এবং যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, সিএনআই (CNI – Diocese of Calcutta)-এর কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং বলেন এই ঘটনাটি নেহাতই ‘ভুল বোঝাবুঝি’ এবং শমীক ভট্টাচার্যের সঙ্গে এ নিয়ে আলোচনারও ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে ‘বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবা’ (Bengal Christian Service) মন্তব্য করেছে যে, নির্দিষ্ট কোনো স্কুলের নাম উল্লেখ না করে কলকাতার সমগ্র মিশনারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এভাবে অভিযোগ আনা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। এদিকে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ অভিযোগ করেছেন যে, বিজেপি এইসব অভিযোগ তুলে রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণ উস্কে দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে তাই এই বিতর্কটি শিক্ষাক্ষেত্র ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।










