প্রীতি পোদ্দার, কলকাতা: সুন্দর চেহারার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে ঘন, কালো চোখে (Eye)। শুধু তাই নয় পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম এই চোখ দিয়েই আমরা চারিদিকের সৌন্দর্য্য অনুভব করে থাকি। কিন্তু অনেক সময় খেয়াল করবেন অন্ধকার ঘরে চোখ বন্ধ করে থাকলে লাল, নীল, বেগুনি আলোর ঝলকানি দেখা যায়। অনেকেই এর কারণ (GK) জানেন না। তাই চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই রহস্যময় তথ্য।
চোখ বন্ধ করলেও তা পুরোপুরি বন্ধ হয় না
আমরা মনে করি যে চোখ বন্ধ করলেই বাইরের আলো আর দেখা যাবে না, কিন্তু বাস্তবে তা নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চোখের পাতা কিছুটা ফিল্টারের মতো কাজ করে। যার ফলে অল্প পরিমাণ আলো চোখের ভিতরে পৌঁছতে পারে। ২০২৪ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে, চোখ বন্ধ থাকলেও মস্তিষ্কের ভিজ্যুয়াল সিস্টেম আলোর পরিবর্তন ঠিক অনুভব করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় আমরা চোখের পলক বন্ধ রাখলেও আদতে চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায় না। সেখান থেকেই স্বল্প আলো প্রবেশ করে।
জানুন বিজ্ঞানের ব্যাখ্যা
চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, চোখ বন্ধ থাকার পরেও যদি চোখের সামনে ঝলমলে আলো, রঙিন বিন্দু দেখা যায় তাকে বলা হয় ‘ফসফিন’। আর এই বিক্রিয়ার পিছনে রয়েছে রেটিনা ও মস্তিষ্কের কার্যকলাপ। চোখের পিছনে থাকা রেটিনার ফটোরিসেপ্টর কোষ আলোকে বৈদ্যুতিক সংকেতে পরিণত করে। আর সেই সংকেত অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছয়। তখনই আমরা আলো অনুভব করতে পারি। তবে বাইরের আলো ছাড়াও রেটিনা ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ থেকে এমন সংকেত তৈরি হতে পারে।
আরও পড়ুন: জানেন, কেন জেসিবি মেশিনের রং হলুদ হয়? রইল আসল তথ্য
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল চোখ বন্ধ করে পাতার উপর হালকা চাপ দিলে অনেক সময় রঙিন বৃত্ত বা আলোর ঝলকানি দেখতে পাওয়া যায়। কারণ, আমরা যদি চোখের উপর চাপ দিই তাহলে রেটিনার কোষ উদ্দীপিত হয় এবং মস্তিষ্ক সেই সংকেতকে আলোর অনুভূতি হিসেবে ব্যাখ্যা করে। একই অবস্থা হয় যখন যে মাথায় আঘাত পায়। তাই চোখ বন্ধ করলেই যে সম্পূর্ণ অন্ধকার নেমে আসবে তা কিন্তু নয়। তাই আমরা লাল, নীল, বেগুনি আলোর ঝলকানি দেখে থাকি।










