শুরু সপ্তম বেতন কমিশনের প্রস্তুতি, সমস্ত সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার কাছে কর্মীদের তথ্য চাইল শিক্ষা দফতর

Published:

Madrasah (1)

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের মুসমিল শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসাগুলির (Madrasahs) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু শিক্ষক ও অশিক্ষক কর্মী এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। এবার তাঁদের বেতন সংক্রান্ত বিষয়ে প্রস্তুতি শুরু করল সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)। সেই উদ্দেশ্যে রাজ্যের সমস্ত সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার কর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে নির্দেশিকা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে?

গত ১৭ নভেম্বর ২০২৬ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদফতরের জয়েন্ট ডিরেক্টরের তরফে রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস (সেকেন্ডারি)-কে এই নির্দেশ পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের অধীনস্থ সমস্ত বেসরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তথ্য সংগ্রহ করতে হবে।

May be an image of text

এই কাজের জন্য একটি নির্দিষ্ট এক্সেল ফরম্যাটের ডেটা শিট দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের সেই ফরম্যাট ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংগৃহীত তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদফতরে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ২৭ নভেম্বর ২০২৬-এর মধ্যে সমস্ত কর্মীদের অবশ্যই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সপ্তম বেতন কমিশন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এর আগেও সংশ্লিষ্ট দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের সমস্ত সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দফতরগুলিকে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের ৩,১৯৯টি প্রাথমিক স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি, ঘোষণা শিক্ষা দফতরের

পাশাপাশি, তথ্য সংগ্রহের গোটা প্রক্রিয়ায় নজরদারি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। সমস্ত জেলার অতিরিক্ত জেলাশাসক (সংখ্যালঘু) এবং জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের এই কাজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ডিআই এবং এস (এসই)-এর সঙ্গে যোগাযোগ রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদফতর। সপ্তম বেতন কমিশন কার্যকর করার পথে মাদ্রাসার কর্মীদের এই তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে কবে থেকে নতুন বেতন কাঠামো চালু হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি।

google button