বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে আত্মপ্রকাশ করেই বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে, মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মস। Jio-র IPO তে টাকা ঢেলে ভাল পরিমাণ অর্থ উপার্জন করে নিয়েছেন তাঁরা। বুধবার, সংস্থাটির শেয়ার IPO-র ইস্যু প্রাইসের তুলনায় অন্তত 25 থেকে 26 শতাংশ বৃদ্ধি পায়। কাজেই Jio তে টাকা রেখেছেন এমন সমস্ত বিনিয়োগকারীদের কাছে একটাই প্রশ্ন, এখন কি তাহলে শেয়ার বিক্রি করে লাভের অঙ্ক তুলে নেবেন নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন?
এখনই শেয়ার বিক্রি করে দেওয়া ঠিক হবে?
প্রথমবারের মতো, জিও প্ল্যাটফর্মসের ইস্যু প্রাইস ছিল 1,119 টাকা। 18 নভেম্বর, শেয়ার বাজার খোলার পর দিনের শুরুতে শেয়ার 1399.70 টাকায় লেনদেন শুরু করে। পরবর্তীতে এই শেয়ারের দাম উঠে যায় 1413 টাকা 95 পয়সায়। অর্থাৎ জিওর IPO তে শেয়ার পাওয়া বিনিয়োগকারীদের লাভের পরিমাণ 26 শতাংশেরও বেশি হয়ে যায়। বলে রাখা প্রয়োজন, শুধু শেয়ারের দাম নয়, সেই সাথে তালিকাভুক্তির পর প্রথম ত্রৈমাসিকের ফলাফলও মুকেশ আম্বানির সংস্থার পক্ষে গিয়েছে।
সংস্থাটির মুনাফা সেপ্টেম্বর 2026 ত্রৈমাসিকে বছরে 13.7 শতাংশ বেড়ে 8,389 কোটি টাকা হয়েছে। একই সময়ে আবার অপারেশন থেকে সংস্থার আয় বেড়েছে 11.4 শতাংশ। এখন প্রশ্ন, এখন কি এই সংস্থার শেয়ার বিক্রি করে দেওয়া উচিত? বিশেষজ্ঞরা বলছেন, জিওর শেয়ারে যারা ইতিমধ্যেই বিনিয়োগ করে ফেলেছেন এবং এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁরা আপাতত শেয়ার বিক্রি না করে হোল্ড করতে পারেন।
আরও পড়ুন: ‘বাতিল হবে সব জাল ST সার্টিফিকেট’ আদিবাসীদের অধিকার রক্ষায় বার্তা মুখ্যমন্ত্রীর
তবে বিশেষজ্ঞদের দাবি, যেসব বিনিয়োগকারীরা নতুন করে জিওর শেয়ারে বিনিয়োগ করার কথা ভাবছেন তাঁদের অপেক্ষা করাই ঠিক হবে। কারণ, এই মুহূর্তে সংস্থাটির শেয়ারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। কাজেই, অতিরিক্ত মূল্যে এখনই বিনিয়োগ করাটা ঠিক হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে কিছুটা অপেক্ষা করে তারপর বিনিয়োগের পরিকল্পনা করাই শ্রেয়।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)










