অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থী বেকার যুবক-যুবতীদের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি হল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (Employment Exchange Card)। এটি সরকারি ও বেসরকারি – দুই ক্ষেত্রেই চাকরির সুযোগ, জব ফেয়ার (Job Fair) এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসংস্থান-সংক্রান্ত প্রকল্প সম্পর্কে অবগত করে। প্রতিবছর বহু তরুণ-তরুণী পশ্চিমবঙ্গ সরকারের ‘এমপ্লয়মেন্ট ব্যাংক’ (Employment Bank) পোর্টালে রেজিস্ট্রেশন করেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য। এবছর শীঘ্রই এই পোর্টালে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। চলুন তাহলে এই আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
কারা আবেদন করতে পারবেন?
এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। চাকরিপ্রার্থী হিসেবে রেজিস্ট্রেশনের জন্য অন্তত অষ্টম শ্রেণি পাস করা বাধ্যতামূলক। আবেদনকারীদের একটি সচল মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস থাকতে হবে। আবেদন করতে হলে পোর্টালে থাকা ‘নিউ এনরোলমেন্ট’ (New Enrollment) বা ‘এনরোল জবসিকার’ (Enroll Jobseeker) সেকশনে গিয়ে নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বরের মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
কী কী নথিপত্র প্রয়োজন?
আবেদনের সময় প্রার্থীদের তাদের সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি, সই, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেটের স্ক্যান করা কপি আপলোড করতে হবে। এছাড়া একটি আপডেটেড সিভি (CV), বেশ কিছু ক্ষেত্রে জাতিগত শংসাপত্র (Caste Certificate) এবং শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেটও প্রয়োজন হবে। সমস্ত নথিপত্র নির্দিষ্ট ফরম্যাট ও আকারের নির্দেশিকা মেনে পোর্টালে আপলোড করতে হবে।
আরও পড়ুন: গতিপথ বদলে দিল ঘূর্ণিঝড়! দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া
আবেদন জমা দেওয়ার পর, প্রার্থীদের অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর বা স্লিপটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। আবেদনের ৬০ দিনের মধ্যে মূল নথিপত্র ও সেগুলোর ফটোকপি নির্দিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিয়ে গিয়ে দেখাতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আবেদনকারীকে একটি রেজিস্ট্রেশন কার্ড নম্বর দেওয়া হবে। সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ সন্ধানের পাশাপাশি ‘যুবশ্রী’ (Yuvashree) প্রকল্পের অধীনে মাসিক আর্থিক সহায়তা পাওয়ার জন্য এই কার্ড থাকা বাধ্যতামূলক।










