হাসিনার হয়ে বিক্ষোভকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা!

Published:

mashrafe mortaza

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)! ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ সহ একাধিক এলাকা থেকে অশান্তির খবর উঠে আসছে! গত কয়েকদিনে ওপার বাংলার 28টি জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই প্রথম আলোর সূত্রে খবর। এরই মাঝে শিরোনামে উঠে এলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট তারকা মাশরাফি মোর্তাজা (Mashrafe Mortaza)। তাঁর জেলা নড়াইলেও রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হচ্ছে, ওই জেলায় হওয়া সংঘর্ষ এবং আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন প্রাক্তন ক্রিকেটার মোর্তাজা।

বাংলাদেশে আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন মোর্তাজা?

বুধবার সন্ধ্যায়, নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। যেই হামলায় নিহত হন কৃষকদল ও জাসাসের দুই নেতা। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লিগের কর্মী, সমর্থকরাই ওই হামলা চালিয়েছে। হামলার সময় একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ তোলেন তাঁরা। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। যেখানে আওয়ামী লিগের কর্মী সমর্থকদের হাতে মশাল নিয়ে মিছিল করতে দেখা যাচ্ছে।

ভাইরাল ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, আওয়ামী লিগের ওই মশাল মিছিলকে নেতৃত্ব দিচ্ছিলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মোর্তাজা। বেশ কিছু হামলার ঘটনাতেও যুক্ত থাকার অভিযোগ উঠেছে ওপার বাংলার ওই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। তাঁর রাজনৈতিক পরিচয়, তিনি হাসিনার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ। কাজেই ওই জেলায় আওয়ামী লিগের কর্মী সমর্থকদের বিক্ষোভের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে মোর্তাজার নাম। যদিও, ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা।

বলাই বাহুল্য, হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লিগের কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যেই উত্তেজনা বাড়িয়েছে গোটা বাংলাদেশে। হাসিনা পন্থীদের তরফে  বৃহস্পতিবার গোটা বাংলাদেশজুড়ে লকডাউনের ডাক দেওয়া হয়েছে। আর সেই ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা। এদিকে একের পর এক বিক্ষোভের ঘটনায় কড়া হয়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।

 

আরও পড়ুন: আগুনে জ্বলছে ইউনূসের বাড়ি! দিকে দিকে অশান্তি, ‘গৃহযুদ্ধের’ কবলে বাংলাদেশ

উল্লেখ্য, বাংলাদেশে ঘটে চলা হিংসার ঘটনায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লিগ থেকে শুরু করে বিএনপি ঘনিষ্ঠ নেতাদের বাড়িতে। এরই মাঝে বুধবার রাতে, চট্টগ্রামে ওপার বাংলার প্রাক্তন প্রধান উপদেষ্টা ইউনূসের বাসভবনের একটি গ্যারেজে আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুর্বৃত্ত। যদিও এই ঘটনায় হতাহতের খবর মেলেনি।

google button