শেষ দু’মাসের লড়াই, মৃত্যু হল সিটংয়ে বার্বিকিউয়ের আগুনে ঝলসে যাওয়া নিকিতার

Published:

Sittong Homestay Fire

প্রীতি পোদ্দার, কলকাতা: দু’মাসের লড়াই শেষে থমকে গেল সব। আজ, বৃহস্পতিবার ভোর ৪টেয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল সিটংয়ে হানিমুনে গিয়ে বার্বিকিউয়ের আগুনে (Sittong Homestay Fire) ঝলসে যাওয়া নিকিতার। মর্মান্তিক দুঃসংবাদ (Nikita Saha Death) উত্তর দিনাজপুরের বাড়িতে পৌঁছতেই গভীর শোকের ছায়া নেমে আসে পরিবারে। হাসপাতাল সূত্রে খবর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল নিকিতার।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর, গত ১৩ সেপ্টেম্বর সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি। সেখানকার একটি হোম স্টেতে বার্বিকিউয়ের আগুনে ঝলসে যান বছর ২৫ এর নববধূ নিকিতা সাহা। হোমস্টে-র সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল যে বার্বিকিউতে কিছু ঢালার পরেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। আর সেই আগুন মুহূর্তের মধ্যে নিকিতার গায়ে লেগে যায়। সঙ্গে সঙ্গে টিশার্ট খুলে স্ত্রীর গায়ের আগুন নেভানোর চেষ্টা করেছিলেন স্বামী সমীর দাস। এরপর নিকিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডাকা হয়েছিল। সেই গাড়ি প্রায় ৪০ মিনিট পর সেখানে পৌঁছয়। স্থানীয় একটি হাসপাতালে নিকিতাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে ট্রান্সফার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

সংক্রমণ বেড়ে গিয়েছিল শরীরে

পরিবার সূত্রে জানা যায়, নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। গত চারদিন আগেই শিলিগুড়ির নার্সিংহোম থেকে আশঙ্কাজনক অবস্থায় বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল নিকিতাকে। সেখানে সামান্য হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছিল নিকিতার শারীরিক অবস্থার। উন্নতমানের ড্রেসিং করায় নিকিতার শরীরের পুড়ে যাওয়া অংশে নতুন টিস্যুও ধীরে ধীরে তৈরি হচ্ছিল। এরপর জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছিল। এরই মধ্যে সংক্রমণের জেরে ফের অবস্থার একটু অবনতি হলে আইসিইউ-এ স্থানান্তরের প্রয়োজন পড়ে। কিন্তু বেড খালি না থাকায় পরিবারের লোকেরা বন্ডে সই করে নিকিতাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। কিন্তু শেষ রক্ষা হল না নিকিতার।

আরও পড়ুন: ‘হিংসুটে, হতাশাগ্রস্ত নারী’ দেবাংশুর টার্গেটে এবার উপাসনা? সম্মানহানি নিয়ে পাল্টা জবাব

মর্মান্তিক এই ঘটনা প্রসঙ্গে চিকিৎসকমহলের মতে, ত্বক আসলে গোটা শরীরের বহিরাবরণ, যেটা নষ্ট হয়ে গেলে শরীর ক্রমাগত সংক্রমণের কবলে পড়ে। বেশির ভাগ ক্ষেত্রেই তা সামাল দেওয়া কঠিন হয়। এরই মধ্যে আবার কার্ডিয়াক অ্যারেস্ট, তাই সেই ধাক্কা সইতে না পেরে নিকিতার এই মর্মান্তিক মৃত্যু। এদিকে এতদিনের লড়াইয়ের পর বাড়ির মেয়ে জগদ্ধাত্রী পুজোর দশমীর ভোরে এইভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করায় কান্নায় ভেঙে পরেছে সকলে।

google button