বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। দেশটির একাধিক এলাকায় বোমা বিস্ফোরণ থেকে শুরু করে, অগ্নিসংযোগ, হামলার খবর সামনে আসছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বুধবার রাতে চট্টগ্রামে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) পৈতৃক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আন্দোলনকারীর বিরুদ্ধে। পাশাপাশি ঢাকা সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে আওয়ামী লিগের ডাকা গোটা বাংলাদেশব্যাপী লকডাউন ঘিরে।
উত্তাল বাংলাদেশ!
আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। ইতিমধ্যেই ভারত থেকে সেই ঘোষণা করে দিয়েছেন ওপারের প্রাক্তন প্রধানমন্ত্রী। আর তারপরেই জল্পনা বেড়েছিল, হাসিনা বাংলাদেশে পা রাখার আগেই উত্তাল হয়ে উঠতে পারে পদ্মা পাড়, সেই পথেই এগিয়েছে প্রতিবেশী দেশের পরিস্থিতি। বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে দিয়েই হয়েছিল সূত্রপাত। এরপর ময়দানে নামে হাসিনাপন্থী আওয়ামী লিগ ও সহযোগী সংগঠনগুলির নেতা থেকে শুরু করে সমর্থকরা।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বিগত দিনগুলিতে বাংলাদেশের একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স, থানা এমনকি পুলিশের গাড়িতেও। বাংলাদেশের রাজনৈতিক হিংসার কবলে পড়েছেন সাধারণ মানুষও। বিগত কিছু দিনে বাংলাদেশের 28টি জেলায় বোমা বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলেই জানিয়েছে পুলিশ।
রাজনৈতিক নেতা থেকে শুরু করে, সরকারি প্রতিষ্ঠান এমনকি যানবহনও হামলার হাত থেকে রেহাই পায়নি। যা খবর, এর আগে আওয়ামী লিগের প্রাক্তন সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন কয়েকজন বিক্ষোভকারী। এছাড়াও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা ইউনুসের বাসভবনেও। বুধবার রাতে, চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টার পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বাড়িতে দুবছর ধরে কেউ বসবাস করছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম! সমীক্ষা ঘিরে চাঞ্চল্য
বলাই বাহুল্য, চট্টগ্রাম, ঢাকার পাশাপাশি গোপালগঞ্জের পুলিশ স্টেশন এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নারাইলে নিহত হয়েছেন দুজন বিএনপি ঘনিষ্ঠ নেতা। পিরোজপুরে একটি বাসে আগুন লাগানোর ঘটনায় মৃত্যু হয়েছে বাস কর্মীর। আর এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হচ্ছে। ওপার বাংলার বিভিন্ন জেলায় নামানো হয়েছে বিজিবি জওয়ানদের। 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একপ্রকার গৃহযুদ্ধের রূপ নিয়েছে সে কথা বলাই যায়।










