বিক্রম ব্যানার্জী, কলকাতা: বল হাতে বড় নজির গড়লেন ভারতীয় দলের বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এবার তিনি ছাড়িয়ে গেলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার তথা কিংবদন্তি জাভাগাল শ্রীনাথকে। আসলে আন্তর্জাতিক টেস্টে ভারতের হয়ে দশম সর্বোচ্চ উইকেট শিকারির তকমা পেয়েছেন ভারতীয় বোলার বুমরাহ। যদিও তাঁর আগে রয়েছেন নয় জন তারকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 3 উইকেট তোলার সাথে সাথে ভারতীয় বোলার হিসেবে বড় নজির রাখলেন বুমরাহ, সে কথা বলাই যায়।
বুমরাহর নতুন কীর্তি
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট শুরু হতেই প্রথমে বোলিং করতে আসেন বুমরাহ। আর মাঠে নেমেই নিজের তৃতীয় বলে উইকেট তোলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামের। ফলে শূন্য নিয়ে ফিরতে হয়েছিল কিউই তারকাকে। এখানেই থেমে থাকেননি ভারতীয় বোলার। এরপর তাণ্ডব চালিয়ে আরও দুটি উইকেট তুলে নেন বুমরাহ। টি ব্রেকের আগেই 140 রানের পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। যদিও সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দলটি।
মজার বিষয়, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত নিউজিল্যান্ডের 5 উইকেটের তিনটিই গিয়েছিল বুমরাহর খাতায়। তাও আবার মাত্র 31 রান খরচ করে। আর এই তিন উইকেটের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে ভারতীয় তারকার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে 237 এ। যার জেরে তিনি পেছনে ফেলে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথকে। এর আগে 67টি টেস্টে 236টি উইকেট তুলে দশ নম্বরে ছিলেন তিনি।।
আরও পড়ুন: রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাক মহারণ, নজরে বৈভব-অভিষেক জুটি! কবে ম্যাচ?
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন অনিল কুম্বলে। 132টি টেস্টে অংশ নিয়ে 619টি উইকেট ভেঙেছেন তিনি। এছাড়াও 106টি টেস্টে খেলে 537টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এখানেই শেষ নয়, ভারতের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ভাল অবস্থানে রয়েছেন কপিল দেব। তিনি 131টি টেস্টে খেলে 434টি উইকেট নিয়েছিলেন। সেক্ষেত্রে এই পর্যায়ে পৌঁছতে হলে এখনও অপেক্ষা করতে হবে বুমরাহকে।










