সৌভিক মুখার্জী, কলকাতা: আরও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। শালবনিতে জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি। বর্তমানে জেল হেফাজতে রয়েছে তিনি। পরে আরও চারটি মামলায় শোন অ্যারেস্ট হয়েছেন সুমিত। তবে বাকি মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদন এদিন প্রত্যাখ্যান করে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই যেহেতু তিনি গ্রেফতার হয়েছেন, তাই রক্ষাকবচের কোনও অর্থ নেই।
সুমিত রায়ের আবেদন প্রত্যাখ্যান হাইকোর্টের
নির্বাচনে ভরাডুবির সুমিত রায়ের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ উঠেছিল পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায়। এছাড়া ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর বিরুদ্ধে। গত সেপ্টেম্বর মাসে জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ডায়মন্ড হারবারে তৃণমূল কার্যালয় থেকে টাকা উদ্ধারের মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ে। আর সেই মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করেছে পুলিশ। এছাড়া শালবনির জমি দুর্নীতি মামলা ছাড়াও মোট চারটি মামলায় শোন অ্যারেস্ট হয়েছেন অভিষেকের আপ্তসহায়ক।
ওই চারটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। তাঁর পক্ষ থেকে আইনজীবী সঙ্করায়ন এবং অয়ন ভট্টাচার্য আদালতে সওয়াল করেছিলেন যে, ওই চারটি মামলায় রক্ষাকবচ দেওয়া হোক। পাশাপাশি রাজ্যের তরফ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, “রক্ষাকবচ চেয়ে এখন আর কোনও লাভ নেই। কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না।”
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের ৬ জেলায় তিনদিন বন্ধ স্কুল, জারি হল বিজ্ঞপ্তি
পাশাপাশি সম্প্রতি সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা ঘোষ মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দাবি ছিল, সুমিতের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে। এমনকি তাঁকে যে কোনও সময় এনকাউন্টারে মেরে ফেলা হতে পারে। এ নিয়ে মানবাধিকার কমিশন চার থানার ওসিকে নোটিশ পাঠায়। তবে ১০ সেপ্টেম্বর অভিষেকের কালীঘাটের বাড়ি থেকেই সুমিত রায়কে গ্রেফতার করেছিল সিআইডি। কালীঘাটে অভিষেকের বাড়িতে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সেদিন ধস্তাধস্তিও হয় পুলিশের।










