ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের ৬ জেলায় তিনদিন বন্ধ স্কুল, জারি হল বিজ্ঞপ্তি

Published:

School Closed

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রবল ঘূর্ণিঝড় আকভানের সতর্কতা রাজ্যের ছয়টি জেলার সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সরকারি এবং বেসরকারি, সমস্ত স্কুল এই তিনদিন বন্ধ (School Closed) থাকবে রাজ্যের এই ছয় জেলায়। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার সন্ধ্যাবেলা স্পেশাল রিলিফ কমিশনের দফতরের তরফ থেকে জারি করা হয়েছে এই নির্দেশিকা।

কোন কোন জেলায় এই ছুটি

ওড়িশা সরকারের তরফ থেকে জানানো হয়েছে, গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া এবং কন্ধমাল—এই ছয় জেলায় সরকার, সরকারপোষিত ও বেসরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। এর পাশাপাশি খোরধা জেলায় ১৯ এবং ২০ নভেম্বর সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলির প্রশাসনকে স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে এই ছুটির বিষয়টিকে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নরসাপুর এবং ওড়িশার পুরীর মাঝামাঝি কোনও স্থানে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। কিন্তু দমকা হাওয়ায় বেগ দাঁড়াতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত। আর এর প্রভাবে বৃহস্পতিবার এবং শুক্রবার ওড়িশার বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গসহ উপকূলীয় অন্যান্য রাজ্যগুলিতেও চলছে বৃষ্টিপাত।

আরও পড়ুন: ৩ বছরের শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ মেজিয়া থানার SI-এর, সাহসিকতায় কুর্নিশ নেটপাড়ার

এ বিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বাতাসের গড় গতিবেগ প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছানোর আশঙ্কা থাকায় দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে ৩০০০ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই চালু হয়েছে ৪৪৮টি। এছাড়া উদ্ধার ও ত্রাণকার্যের জন্য ১৫টি জেলায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আর সরকারি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে এবং বিভিন্ন জেলায় উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

google button