প্রীতি পোদ্দার, কলকাতা: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন (Chandannagar Jagaddhatri Immersion ) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল। খারাপ আবহাওয়ার কারণে এবার দশমীর দিন হবে না প্রতিমা নিরঞ্জন। কেন্দ্রীয় কমিটির তরফে আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী (Chandannagar Jagaddhatri Puja 2026) নিরঞ্জন শোভাযাত্রা আগামী রবিবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই বিজ্ঞপ্তি।
প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, বৃহস্পতিবার, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে সমস্ত পূজা কমিটির উদ্দেশ্যে জানানো হয়েছে যে, চন্দননগরের আলোকসজ্জিত শোভাযাত্রা আগামী রবিবার, অর্থাৎ ২২.১১.২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। নন-প্রসেশনাল পূজা কমিটিগুলিকে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শনিবার অথবা রবিবার বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে শনিবার এবং আবহাওয়া প্রতিকূল থাকলে রবিবার বিসর্জন করতে অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে, প্রসেশনাল পূজা কমিটিগুলির বিসর্জন সোমবার অনুষ্ঠিত হবে।
বৈঠক হয়েছিল সকালেই
প্রথম দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আজ, বৃহস্পতিবার দশমীর রাতে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা হবে। কিন্তু খারাপ আবহাওয়ার জেরে শোভাযাত্রা হবে কিনা তাই নিয়ে আজ সকাল ১১টা নাগাদ কেন্দ্রীয় কমিটির সঙ্গে প্রশাসনের কর্তাদের জরুরি বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকেই আপাতত কেন্দ্রীয় কমিটির আওতাধীন সমস্ত বারোয়ারিকেই মণ্ডপ থেকে প্রতিমা বের করতে নিষেধ করা হয়েছে। এবং আগামী শনিবার অথবা রবিবার শোভাযাত্রার আয়োজন করার প্রস্তাব দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: ৩ বছরের শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ মেজিয়া থানার SI-এর, সাহসিকতায় কুর্নিশ নেটপাড়ার
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই অনুযায়ী চন্দননগরেও শুরু হয়েছে বৃষ্টি। আর সেই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একাদশীর দিন চন্দননগরে নিরঞ্জন শোভাযাত্রা হয়েছিল।










