প্রীতি পোদ্দার, কলকাতা: ভাইরাল হওয়ার নেশায় সোশ্যাল মিডিয়ায় ক্রমেই বাড়ছে অশ্লীলতা, আর তাতেই সমাজের উপর পড়ছে খারাপ প্রভাব। আর তা নিয়েই এবার ক্ষুব্ধতা প্রকাশ করলেন বিজেপি বিধায়ক রাজু পাত্র (Raju Patra)। তাঁর সাফ কথা, প্রয়োজনে বিধায়ক পদ ছেড়ে দেবেন, কিন্তু নিজের এলাকায় অশ্লীলতা (Social Media Obscenity) কোনওভাবেই বরদাস্ত করবেন না। এদিকে তাঁর এই হুঁশিয়ারি ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা।
কী বলছেন বিজেপি বিধায়ক?
সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কনটেন্ট তৈরি এবং প্রচারের বিরুদ্ধে গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র এদিন ফিল্মি কায়দায় ফাটাকেষ্টর সুরে বলেন, ”প্রয়োজনে আমি বিধায়ক পদ ছাড়তেও রাজি আছি। কিন্তু অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। কোনো ভাবেই এসবকিছু আমার এলাকায় বরদাস্ত করা হবে না। প্রথমে সংশ্লিষ্ট ভ্লগারদের সঙ্গে কথা বলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। এরপরেও যদি কেউ একই কাজ করেন তাহলে প্রশাসনের সহায়তায় যথাযথ করা ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে বিজেপি বিধায়কের এই ধরনের হুঁশিয়ারির পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
অশ্লীল কনটেন্ট নিয়ে হুঁশিয়ারি
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হওয়ার জন্য অনেকেই নানা ভ্লগ, মিম এবং নানা ধরনের কনটেন্ট বানিয়ে চলেছে। এমনকি ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নেমে অনেকেই শিক্ষা, সংস্কৃতি ও ভদ্রতা ভুলে কিছু অশ্লীল কনটেন্টও বানাচ্ছেন যা সমাজে বাজে প্রভাব ফেলছে। তাই সেই কথা মাথায় রেখেই এমন মন্তব্য করেছেন গলসির বিধায়ক রাজু পাত্র। তাঁর মতে, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট এমন হওয়া উচিত যা দেখে মানুষ আনন্দ পাবেন এবং বাচ্চা বুড়ো সকলেই নতুন কিছু শিখবে, কিন্তু কোনোভাবেই যেন সেটি সমাজের চোখে লজ্জার কারণ না হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: আজ নয়! বদলে গেল চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রার দিন, নয়া তারিখ ঘোষণা
বিজেপি বিধায়কের এই কড়া অবস্থানকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও অনেকের ধারণা এই পদক্ষেপ অত্যন্ত জরুরী ছিল কারণ বর্তমানে ১৮ বছরের নিচে থাকা অনেক ছেলে মেয়েই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। তাই মিডিয়ার কনটেন্টের উপর নজরদারি করা খুব জরুরি। এখন দেখার রাজু পাত্রের এই অশ্লীলতার বিরুদ্ধে করা হুঁশিয়ারি আগামী দিনে কতটা প্রভাব ফেলবে।










