আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যে সরকার বদলের পর থেকেই বিগত সরকারের আমলে ঘটে যাওয়া একের পর এক দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে বর্তমান সরকার। বালি চুরি থেকে মাটি চুরি, এমনকি জমির বেআইনি লেনদেন, বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে দোষীদের শাস্তির আওতায় আনতে তৎপর প্রশাসন। আর সেই তদন্তের সূত্র ধরেই এবার উঠে আসছে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) নাম। সরকারি ডিআরসি বা ডিসিআর ব্যবস্থায় জালিয়াতি করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগে তদন্তকারীদের নজরে রয়েছেন তিনি।
কী অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে?
তদন্তের মুখোমুখি হওয়ার ভয়ে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন টুলু মণ্ডল। জাল ডিসিআর কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল পুলিশ। বিদেশে থাকায় তদন্তকারীদের নাগালের বাইরে ছিলেন তিনি। তাঁর দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছিল আইনি জটিলতাও। দেশে ফিরলে গ্রেপ্তারির আশঙ্কা থাকায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন টুলু। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পর মঙ্গলবার দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চেয়েছিলেন টুলু মণ্ডল। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে এই মামলা-সহ অন্য কোনও মামলাতেই গ্রেপ্তার করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। দেশে ফেরার পর ইমেল মারফত তদন্তকারীদের নিজের অবস্থান জানিয়ে পুলিশের জেরার মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন টুলু।
কিন্তু দেশে ফিরতেই এবার নতুন করে আইনি চাপে টুলু মণ্ডল। পুরনো একটি মামলার ফাইল খুলে তাঁকে তলব করল সিআইডি। ঠিক এক বছর আগে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি স্করপিও গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় এবার নড়েচড়ে বসেছে তদন্তকারী সংস্থা। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী শুক্রবার, ২০ নভেম্বর দুপুর ২টোর মধ্যে কলকাতার আলিপুরে ভবানী ভবনের সিআইডি দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সেই মর্মে সিউড়ির রবীন্দ্রপল্লিতে তাঁর বাড়ি ‘দালিলা ভবন’-এ নোটিসও সাঁটানো হয়েছে।
আরও পড়ুন: বিচারব্যবস্থাকে বারবার নিশানা! অভিষেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি আইনজ্ঞদের
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ নভেম্বর নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি স্করপিও গাড়ি আটক করে ৫ কোটি টাকা উদ্ধার করেছিল বেঙ্গল এসটিএফ। ওই ঘটনায় আক্রাম খান ও ইমরান খান নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ওঠে তাঁরা নাকি টুলু মণ্ডলের ম্যানেজার এবং বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে দেওয়ার কাজ করতেন। উদ্ধার হওয়া ৫ কোটি টাকা নিজের বলে দাবি করেছিলেন টুলু। তাঁর বক্তব্য ছিল, একাধিক বৈধ ব্যবসা থেকেই ওই অর্থ এসেছে। সেই দাবির সমর্থনে নথিও জমা দিয়েছিলেন তিনি। পরে আদালত ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এবার সেই পুরনো মামলার তদন্তে নেমে উদ্ধার হওয়া অর্থের উৎস এবং এর সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে সিআইডি।










