বিচারব্যবস্থাকে বারবার নিশানা! অভিষেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি আইনজ্ঞদের

Published:

High court

আনিষা চৌধুরী, কলকাতা: গণতন্ত্রের চারটি মূল স্তম্ভের অন্যতম হলো বিচার বিভাগ (Judiciary)। দেশের সংবিধান, আইনের শাসন এবং নাগরিকের অধিকার রক্ষায় এই স্তম্ভের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কোনও প্রতিষ্ঠান বা ক্ষমতাশালী ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের শেষ ভরসাও আদালত। বিচারব্যবস্থার উপর বারবার আঘাত আনা কিংবা বিচারপতিদের সততা ও নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা কোনওভাবেই কাম্য নয়। এমনই প্রবণতার বিরুদ্ধে এবার সরব হয়েছেন আইনজীবীদের একাংশ। অভিষেক ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে আইনজ্ঞ মহলে।

কী দাবি আইনজ্ঞদের?

মনমতো রায় না পেলেই বিচারপতিরা বিক্রি হয়ে গিয়েছেন, কিংবা তাঁরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, এমন অভিযোগ বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায় বলে মত আইনজ্ঞদের। সাম্প্রতিক সময়ে অভিষেক ব্যানার্জির মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে সেই বিতর্ক। অভিযোগ, নিজের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে গিয়ে বিচারব্যবস্থার একাংশের রাজনৈতিক আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, বিচারব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং বিচারপতিদের একাংশ বিজেপির কাছে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

অভিষেকের বক্তব্য আদালতে তুলে ধরার পরেই কড়া প্রতিক্রিয়া জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। গত ১২ নভেম্বর নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিষেকের মন্তব্যের প্রসঙ্গ তোলেন। তখনই অভিষেকের আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি প্রশ্ন করেন, তাঁর মক্কেল এত বুদ্ধিমান হলে কোন বিচারপতি বিজেপির সঙ্গে এবং কোন বিচারপতি তৃণমূলের সঙ্গে রয়েছেন, সেই তালিকা দিতে বলুন। বিচারপতি আরও প্রশ্ন তোলেন, একজন নির্বাচিত সাংসদ এবং রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি সংবাদমাধ্যমের সামনে এমন মন্তব্য করার আগে তার পরিণতি সম্পর্কে সচেতন ছিলেন তো?

বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার আরও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। আইনজীবী তথা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারির বক্তব্য, সাধারণ মানুষের কাছে আজও আদালতই শেষ ভরসা। সেখানে একজন সাংসদ যদি দিনের পর দিন বিচারব্যবস্থাকে অসম্মানজনক মন্তব্যের নিশানা করেন, তা হলে প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় আদালতেরই কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাঁর মতে, বিচারব্যবস্থার উপর মানুষের বিশ্বাস অটুট রাখতে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিচারব্যবস্থাকে ঘিরে এই ধরনের বিতর্ক নতুন নয়। আইনজ্ঞদের বক্তব্য, গত দেড় দশকে একাধিকবার রাজনৈতিক নেতৃত্বের মন্তব্যে আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১২ সালের ১৪ অগস্ট বিধানসভার হীরক জয়ন্তী অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেছিলেন, টাকার বিনিময়ে রায় কেনা যায়। এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা গৃহীত হয়েছিল।

এরপর ২০২৪ সালের এপ্রিল মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতিদের একাংশকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন মমতা ব্যানার্জি। এমনকি, একটি জাতীয় রাজনৈতিক দল টাকার জোরে আদালতকেও কিনে নিচ্ছে বলে দাবি করেন তিনি। ওই বছরের ২২ মে ওবিসি শংসাপত্র বাতিলের হাইকোর্টের রায় নিয়েও প্রকাশ্যে অসন্তোষ জানান। ঘোষণা করেন, তিনি সেই রায় মানবেন না।

আরও পড়ুন: বাংলার রাস্তার আমূল বদল! তৈরি হবে ডিজিটাল মানচিত্র, রাজ্যে ‘সড়ক সেন্সাস’ শুরু নবান্নর

সর্বশেষ ২০২৫ সালের এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায়ের পরেও বিতর্ক তৈরি হয়। সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি জানান, আদালতের রায় মেনে নিলেও মন থেকে তা মানতে পারছেন না। সেই সময় দিল্লি হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতির বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনাও টেনে আনেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে ফৌজদারি আদালত অবমাননার আবেদন জমা পড়লেও প্রয়োজনীয় সম্মতি না মেলায় পরে তা প্রত্যাহার করতে হয়। বারবার এই ধরনের মন্তব্য ও ঘটনার পরিপ্রেক্ষিতেই বিচারব্যবস্থার মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন আইনজ্ঞদের একাংশ।

google button