সহেলি মিত্র, কলকাতাঃ জলের অপচয় (Water Wastage) রুখতে বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। জলের ব্যবহার নিরীক্ষণ ও অপচয় রোধ করতে রাজ্য সরকার জল মিটার (Water Meter) বসানোর পরিকল্পনা করছে। বুধবার এমনটাই জানালেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী অজয় পোদ্দার।
এবার জায়গায় জায়গায় বসবে জলের মিটার
মন্ত্রী জানিয়েছেন, “আমরা রাজ্যজুড়ে জলের মিটার বসাব। এর উদ্দেশ্য জনগণের উপর কর আরোপ করা নয়, বরং জলের ব্যবহার ও অপচয় মূল্যায়ন করা।” তিনি ভূগর্ভস্থ জলের স্তর হ্রাস এবং আর্সেনিক দূষণের কথা তুলে ধরেন। সেইসঙ্গে বৃষ্টির জল সংরক্ষণ এবং সম্প্রদায়ের অংশগ্রহণের পক্ষে মত দেন। তিনি বলেন, “প্রতিদিন প্রায় ৪০ শতাংশ জল অপচয় হয়। আমাদের অবশ্যই এই অপচয় রোধ করতে হবে এবং মাথাপিছু ওয়াটার ফুটপ্রিন্ট পরিমাপ করতে হবে।”
৪০ শতাংশ জল রোজ অপচয় হচ্ছে!
বুধবার ইলেক্ট্রোস্টিল কাস্টিংস-এর নির্বাহী পরিচালক পঙ্কজ পোদ্দার জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। বিসিসি-র সভাপতি নরেশ পচিসিয়া বলেছেন যে, জল সংরক্ষণ এখন আর শুধু সরকারি সংস্থাগুলোর দায়িত্ব থাকতে পারে না, বরং এর জন্য শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ইলেকট্রোস্টিলের রাধা কে আগরওয়াল বলেন, জলের প্রধান ভোক্তা হিসেবে শিল্পের অপচয় কমানো, জল-সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণ এবং পরিশোধিত বর্জ্য জলের পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুন: ৩ বছরের শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ মেজিয়া থানার SI-এর, সাহসিকতায় কুর্নিশ নেটপাড়ার
আইআইটি খড়গপুরের প্রাক্তন ডিন অশোক কুমার গুপ্ত বলেছেন যে, বৃষ্টির জল সংগ্রহ, ভূগর্ভস্থ জল পুনর্ভরণ, জলাশয় পুনরুদ্ধার এবং উপলব্ধ সম্পদের দক্ষ ব্যবহার এমন গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে যেগুলোর প্রতি নিরন্তর মনোযোগ দেওয়া প্রয়োজন। যাইহোক, সরকারের লক্ষ্য প্রতিদিন যে ৪০ % জল বেকার অপচয় হচ্ছে সেটা রোধ করা। এখন দেখার বিষয় সরকার এই ব্যাপারে কতটা সাফল্য লাভ করতে পারে।










