আনিষা চৌধুরী, কলকাতা: গাড়ি থেকে নির্গত ধোঁয়া পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, তা নির্ধারণ করতে নির্দিষ্ট সময় অন্তর দূষণ পরীক্ষা করানো বাধ্যতামূলক। অনুমোদিত PUC কেন্দ্রে গাড়ির নির্গমন পরীক্ষা করার পর সব ঠিক থাকলে Pollution Under Control Certificate দেওয়া হয়। এবার সেই PUC সার্টিফিকেটের মেয়াদ নিয়ে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু গাড়ির ক্ষেত্রে তিন বছর অন্তর PUC সার্টিফিকেট করালেই চলবে। ফলে ঘন ঘন দূষণ পরীক্ষা করানোর বাধ্যবাধকতা থেকে মুক্তি পেতে চলেছেন বহু গাড়ির মালিক।
আগে কী নিয়ম ছিল?
এতদিন Central Motor Vehicles Rules, 1989-এর নিয়ম অনুযায়ী, গাড়ির প্রথম রেজিস্ট্রেশনের এক বছর পার হওয়ার পর থেকে PUC সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক ছিল। সাধারণত BS-I, BS-II এবং BS-III মডেলের গাড়ির ক্ষেত্রে সার্টিফিকেটের মেয়াদ ছিল ছয় মাস। অন্যদিকে, BS-IV এবং BS-VI মডেলের গাড়ির ক্ষেত্রে সেই মেয়াদ ছিল ১২ মাস। অর্থাৎ, নির্দিষ্ট সময় অন্তর গাড়ি নিয়ে অনুমোদিত কেন্দ্রে গিয়ে দূষণ পরীক্ষা করাতে হত এবং নতুন করে সার্টিফিকেট সংগ্রহ করতে হত।
নতুন নিয়মে কোন গাড়ির ক্ষেত্রে কত দিনের মেয়াদ?
কেন্দ্রের সংশোধিত নিয়ম অনুযায়ী, BS-VI মডেলের গাড়ির ক্ষেত্রে প্রথম রেজিস্ট্রেশনের তারিখ থেকে পরবর্তী ছয় বছর পর্যন্ত PUC সার্টিফিকেটের মেয়াদ হবে তিন বছর। ৬ থেকে ১০ বছর পুরনো গাড়ির ক্ষেত্রে বছরে একবার এবং দশ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি ছয় মাস অন্তর সার্টিফিকেট নবীকরণ করতে হবে। অন্যদিকে, BS-VI গাড়ির ক্ষেত্রে প্রথম ছয় বছরে দু’বছর অন্তর পরীক্ষা করাতে হবে। ছয় থেকে দশ বছর পর্যন্ত বছরে একবার এবং দশ বছরের বেশি হলে ছয় মাস অন্তর PUC করাতে হবে। BS-I, BS-II ও BS-III গাড়ির ক্ষেত্রে সার্টিফিকেটের মেয়াদ তিন মাস এবং BS-IV গাড়ির ক্ষেত্রে ছয় মাস রাখা হয়েছে।
নতুন এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন গাড়ির মালিকরা। বিশেষ করে নতুন BS-VI ব্যক্তিগত গাড়ির মালিকদের ক্ষেত্রে বারবার PUC পরীক্ষা করানোর ঝক্কি অনেকটাই কমবে। এতদিন এক বছর অন্তর সার্টিফিকেটের মেয়াদ শেষ হলে গাড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হত। কর্মব্যস্ততার মধ্যে সময় বের করা, পরীক্ষাকেন্দ্রে যাওয়া, অপেক্ষা করা এবং নতুন সার্টিফিকেট সংগ্রহ করার মতো একাধিক ঝামেলা সামলাতে হত তাঁদের। এবার তিন বছর অন্তর এই পরীক্ষা করানোর সুযোগ মেলায় সেই সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে। পাশাপাশি ঘন ঘন সার্টিফিকেট নবীকরণের খরচ থেকেও কিছুটা রেহাই মিলবে।
আরও পড়ুন: দেশে ফিরেই নতুন আইনি গেরোয় টুলু মণ্ডল, রহস্য খুঁজতে ভবানী ভবনে তলব সিআইডির
নিয়ম শিথিল করা হলেও PUC সার্টিফিকেট রাখার বাধ্যবাধকতা কিন্তু আগের মতই বহাল থাকবে। প্রত্যেক গাড়ির ক্ষেত্রেই বৈধ সার্টিফিকেট থাকতে হবে এবং কর্তৃপক্ষ চাইলে তা দেখাতেও হবে। বৈধ সার্টিফিকেট না থাকলে আইন অনুযায়ী জরিমানা-সহ অন্যান্য পদক্ষেপের মুখে পড়তে পারেন গাড়ির মালিকরা। Motor Vehicles Act-এর ১৯০(২) ধারায় নির্ধারিত দূষণমাত্রা লঙ্ঘনের ক্ষেত্রে প্রথম অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ড কিংবা উভয় শাস্তির বিধান রয়েছে।










