আনিষা চৌধুরী, কলকাতা: সরকারি কর্মীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা বা DA (Dearness Allowance) বৃদ্ধির দিকে তাকিয়ে ছিলেন সরকারি কর্মীরা। অবশেষে তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৩ শতাংশ DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে আগের তুলনায় আরও বেশি হারে মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা। নতুন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি ফিরবে তাঁদের মধ্যে।
DA বৃদ্ধির ফলে বাড়বে বেতন
ঝাড়খণ্ড সরকার এই DA বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে বুধবার, ১৮ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আগে যেখানে কর্মীরা ৬০ শতাংশ হারে DA পেতেন, এখন তা বেড়ে দাঁড়াল ৬৩ শতাংশে।
নতুন এই বর্ধিত DA ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে জানানো হয়েছে। অর্থাৎ, নির্ধারিত সময় থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাওয়ার কথা সরকারি কর্মীদের। সেই হিসেবে জুলাই মাস থেকে বকেয়া অর্থ পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কর্মীদের প্রাপ্য হিসাব অনুযায়ী সেই বকেয়া মেটানো হবে।
শুধু সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীরাই নন, পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের DA-ও ৩ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি রাজ্যের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্যও স্বস্তির খবর রয়েছে। তাঁদের মহার্ঘ ভাতা (Dearness Relief) ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৩ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘প্রয়োজনে বিধায়ক পদ ছাড়ব’, হুঁশিয়ারি বিজেপি MLA রাজু পাত্রের, কারণ কী?
এই সিদ্ধান্তের ফলে ঝাড়খণ্ডের প্রায় ৩ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। মন্ত্রিসভার ওই বৈঠকে DA বৃদ্ধির পাশাপাশি মোট ৪১টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের কাছে মহার্ঘ ভাতা বৃদ্ধির এই ঘোষণা নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি।










