প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আর সেই অনুযায়ী আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায়। এদিকে ঘূর্ণিঝড় আকভান এর মতিগতি ঠিক নেই। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল (Weather Tomorrow) শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আরও দুর্যোগ বাড়বে। বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে।
শুক্রেই আছড়ে পড়বে আকভান
শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। আগামীকাল শুক্রবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় আকভান অন্ধ্রপ্রদেশের নারসাপুর এবং ওড়িশার পুরীর মাঝে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। হাওড়া, হুগলি, কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও একই পরিস্থিতি। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় সকাল থেকেই মেঘলা আবহাওয়া দেখা যাবে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়াও বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আরও পড়ুন: প্রতিদিন ৪০% জল অপচয়! বাংলা জুড়ে মিটার বসানোর ঘোষণা মন্ত্রীর
শনিবারও থাকবে দুর্যোগ
ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টি আগামী শনিবারও বজায় থাকবে জানা গিয়েছে, ওইদিন অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এবং ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায়। আশা করা যাচ্ছে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। এবং মঙ্গলবারের পর থেকে আবার দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া পরিষ্কার হবে। অন্যদিকে উত্তরবঙ্গেও শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তাই এই মুহূর্তে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এক নজরে দেখে নিন কেমন থাকবে সেখানকার আবহাওয়া।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই মালদা ও দক্ষিণ দিনাজপুরের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে শুরু করেছে। আগামীকালও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী সপ্তাহ থেকে নাকি উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।










