সম্পূর্ণ বিনামূল্যে ফসল বিমা, এবার কৃষকদের ভাগের প্রিমিয়ামও দেবে রাজ্য সরকার

Published:

Pradhan Mantri Fasal Bima Yojana

অনন্যা সরকার, কলকাতা: বাংলার কৃষকদের জন্য সুখবর। এবার আর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার (Pradhan Mantri Fasal Bima Yojana / PMFBY) অধীনে পশ্চিমবঙ্গের কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না। রাজ্য সরকার কৃষকদের পক্ষ থেকে দেওয়া প্রিমিয়ামের অংশটি মকুব করে পুরো অর্থের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চলেছে। নবান্ন সূত্রে জানা গেছে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকারের এই পদক্ষেপটি রবি শস্যের মরশুমে কৃষকদের ওপর থেকে প্রায় ২০০ কোটি টাকার আর্থিক বোঝা লাঘব হবে।

ফসল বিমার প্রিমিয়াম আর দিতে হবে না কৃষকদের

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার বর্তমান নিয়ম অনুযায়ী, রবি মরসুমে খাদ্যশস্য ও তৈলবীজের ক্ষেত্রে কৃষকদের সর্বোচ্চ ১.৫ শতাংশ প্রিমিয়াম দিতে হয়, অর্থাৎ ১ লক্ষ টাকার বিমা কভারেজের জন্য ১,৫০০ টাকা প্রিমিয়াম দিতে হয়। বাকি প্রিমিয়ামের অংশটি কেন্দ্র ও রাজ্য সরকার সম্মিলিতভাবে বহন করে থাকে। তবে, এখন থেকে রাজ্য সরকার কৃষকদের অংশের প্রিমিয়ামও বহন করতে চলেছে। রবি শস্যের মরসুমে কৃষকদের তরফ থেকে দেওয়া মোট প্রিমিয়ামের পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি টাকা, আর রাজ্য সরকারের নিজস্ব অংশের পরিমাণ ছিল প্রায় ৩৭.৫ কোটি টাকা। কিন্তু কৃষকদের অংশ মকুব করার ফলে, রাজ্য সরকারকে এখন প্রায় ২১৪ কোটি টাকা প্রিমিয়াম বাবদ বহন করতে হবে।

রাজ্যের কৃষি বিভাগ অর্থ দফতরের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল, যা অনুমোদিত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফসল বিমার প্রিমিয়াম মকুবের বিষয়টি উত্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলেই পশ্চিমবঙ্গের কৃষকরা সম্পূর্ণ প্রিমিয়াম মুক্ত বিমার সুবিধা পাবেন।

আরও পড়ুন: NEET-এ সফল ছেলে, ডাক্তারি পড়াতে জমি বিক্রি ও পেনশন কার্ড বন্ধক রাখলেন মা-বাবা

প্রায় দুই সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, শীঘ্রই আলু চাষকেও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অন্তর্ভুক্ত করা হবে এবং কৃষকদের বিমা খরচের পুরোটাই রাজ্য সরকার বহন করবে। রাজ্যে প্রায় ২০ লক্ষ আলু চাষি রয়েছেন, তাই এই সিদ্ধান্ত তাঁদের এবং অন্যান্য কৃষকদের জন্যও অত্যন্ত সুবিধাজনক হবে। শীতকালীন রবি মরসুম অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত স্থায়ী হয়, যার মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বীজ বপন করা হয়, আর মার্চ মাস নাগাদ ফসল তোলা শুরু হয়। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বর মাসের আগেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে কৃষকদের পরবর্তী পদক্ষেপগুলো সুপরিকল্পিতভাবে নিতে সুবিধা হবে। 

রবি মরসুমে রাজ্যে তেরোটি ভিন্ন ধরনের ফসলের চাষ করা হয়, যার মধ্যে বোরো ধান এবং আলু প্রধান। এছাড়াও রয়েছে  মসুর ডাল, মুগ ডাল, ছোলা খেসারির ডাল, তিল, সরষে, চিনাবাদাম এবং আখ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার রবি মরশুমে কৃষকদের জন্য সার ভর্তুকিতে বরাদ্দ অর্থের পরিমাণও বাড়িয়েছে। সার ভর্তুকির জন্য সারা দেশে মোট ৬২,৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চাষের জমির পরিমাণ কমে যাওয়ার ফলে ফসলের দাম যাতে না বাড়ে, সে বিষয়েও আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া এবং কীটপতঙ্গের আক্রমণে ফসলের ক্ষতি হলে অর্থনৈতিক সুরক্ষা পেয়ে থাকেন। এখন রাজ্য সরকারের এই বিরাট সিদ্ধান্তটি বিমা সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর্থিক বাধাগুলো কমিয়ে এনে কৃষিক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে।

google button