পুলিশে চাকরি পেতেই বিয়েতে ‘না’, তুফানগঞ্জে প্রেমিকার বাড়ির সামনে ধরনা প্রেমিকের

Published:

Tufanganj

আনিষা চৌধুরী, কলকাতা: দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কে বিচ্ছেদের আশঙ্কা! পুলিশের চাকরি পাওয়ার পর থেকেই প্রেমিকা বিয়ে করতে চাইছেন না বলে অভিযোগ এক যুবকের। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই প্রেমিকার তালাবন্ধ বাড়ির সামনে ধরনায় বসলেন তিনি। বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জ-২ (Tufanganj) ব্লকের নাগুরহাট এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

কী দাবি যুবকের?

জানা গিয়েছে, বড় শালবাড়ির বাসিন্দা রাহুল রাখার সঙ্গে নাগুরহাটের বাসিন্দা প্রিয়াঙ্কার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। রাহুলের দাবি, প্রায় ১০ বছরের ভালোবাসার সম্পর্ক তাদের। তিন বছর আগে তিনি পুলিশের চাকরি পান। কিন্তু চাকরি পাওয়ার পর থেকেই প্রিয়াঙ্কা তাঁকে বিয়ে করতে চাইছেন না বলে অভিযোগ তাঁর।

বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে আলোচনার কথা ছিল। সেই মতো প্রেমিকার বাড়িতে পৌঁছলেও বাড়ি তালাবদ্ধ দেখতে পান রাহুল। এরপরই প্রেমিকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বাড়ির সামনে টাঙিয়ে ধরনায় বসে পড়েন তিনি। খবর পেয়ে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় বকশিরহাট থানার পুলিশ। পরে রাহুলকে আটক করে পুলিশ। যদিও এই ঘটনায় তরুণীর পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই প্রসঙ্গে রাহুল জানান, “২০১৭ সাল থেকে আমাদের ভালোবাসা। আজকে ১০ বছর হতে চলল। যখন ওর ট্রেনিং চলছিল, তখন সব ঠিক ছিল। ফার্স্ট পোস্টিং ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। ওখানে এক বছর সব ঠিকঠাক ছিল। ওখান থেকে ট্রান্সফার হওয়ার এক-দু’মাস আগেই আমাকে ব্ল্যাকমেইল করা শুরু হয়েছে। এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, আমার সঙ্গে কোনও যোগাযোগ নেই। এখন বাড়িতে কেউ নেই। আমি চাইছি, ও বাড়িতে আসুক। সামনাসামনি বসে কথা হোক।”

আরও পড়ুন: বছর শেষের আগেই মিলবে নাগরিকত্ব, ৩ লক্ষ সিএএ শংসাপত্র বিলির লক্ষ্য নবান্নের

এদিকে, দীর্ঘদিনের সম্পর্কের এমন পরিণতি ঘিরে এলাকায় শুরু হয়েছে চর্চা। একসঙ্গে কাটানো বিভিন্ন সময়ের মুহূর্ত প্রিন্ট আউট করে বাড়ির সামনে টাঙিয়ে প্রেমিকার ফেরার অপেক্ষায় রাহুল।

google button