NEET-এ সফল ছেলে, ডাক্তারি পড়াতে জমি বিক্রি ও পেনশন কার্ড বন্ধক রাখলেন মা-বাবা

Published:

Inspirational Story of Elderly Couple of Odisha

অনন্যা সরকার, ওড়িশা: সন্তানের হিতার্থে বাবা-মা ঠিক কোন পর্যায়ে যেতে পারেন, তার এক অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ওড়িশার কান্ধামাল জেলার দারিংবাড়ি ব্লকের ধুসারি গ্রামের বাসিন্দা কেপাঙ্গা সুনামাঝি (৭০) এবং নাগাতালু সুনামাঝি (Inspirational Story)। সন্তানের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে নিজেদের সর্বস্ব উৎসর্গ করেছেন ওই বৃদ্ধ দম্পতি। প্রান্তিক কৃষক হিসেবে তাঁরা তাঁদের ছেলে সুশান্ত সুনামাঝির মেডিকেল কলেজে ভর্তির খরচ জোগাতে নিজেদের জমির একাংশ বিক্রি করেছেন, ঋণ নিয়েছেন, এমনকি শেষ পর্যন্ত তাঁদের বার্ধক্য ভাতার কার্ডগুলোও বন্ধক রেখেছেন। কেপাঙ্গা সুনামাঝি এবং নাগাতালু সুনামাঝির এই আত্মত্যাগের কাহিনী চোখের কোনায় জল এনে দিয়েছে বহু মানুষের। 

সন্তানের স্বপ্ন পূরণের জন্য বাবা-মায়ের সংগ্রাম

ছোটবেলা থেকেই সুশান্তের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আর্থিক অনটনের কারণে খরচসাপেক্ষ কোচিং নেওয়ার সামর্থ্য না থাকলেও, ইন্টারনেটের সাহায্যে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। নিট (NEET) পরীক্ষায় দুবার ব্যর্থ হওয়ার পর, তৃতীয় প্রচেষ্টায় সফল হন এবং জাজপুরের মহারাজা জজাতি কেশরী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। কিন্তু ডাক্তারি পড়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা গরীব প্রান্তিক চাষি কেপাঙ্গা ও নাগাতালু সুনামাঝির সামর্থ্যের বাইরে ছিল। 

জমি বিক্রি এবং ঋণ নেওয়ার পরেও জোগাড় হচ্ছিল না এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ। শেষে বৃদ্ধ দম্পতি ওড়িশা সরকারের ‘মধু বাবু পেনশন যোজনা’-র অধীনে পাওয়া দুটি পেনশন কার্ড স্থানীয় এক মহাজন ও একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের কাছে বন্ধক রাখেন। প্রতিটি কার্ডের বিনিময়ে তাঁরা ১২,০০০ টাকা করে মোট ২৪,০০০ টাকা পান। যদিও এই ঋণের বিনিময়ে তাঁদের কোনও সুদ দিতে হবে না, তবে ঋণদাতারা মাসিক পেনশন থেকে এই টাকা কেটে নেবেন, যতক্ষণ না পুরো ঋণ শোধ হয়। তাঁরা প্রত্যেকে মাসে ১,০০০ টাকা করে পেনশন পেতেন। ফলে যে অর্থের ওপর তাঁদের দৈনন্দিন জীবনধারণ নির্ভর করতো, ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করতে গিয়ে এখন সেটুকুও গিয়েছে।

আরও পড়ুন: এবার বাংলার মাটিতে ফলছে ‘কালো আলু’! চার গুণ লাভের মুখ দেখছেন কৃষকরা, দাম কত?

তবে সুশান্ত সুনামাঝির সাফল্যে মা নাগাতালু অত্যন্ত আনন্দিত হলেও, তাঁর হোস্টেল খরচ, খাওয়া-দাওয়া, বইপত্র ও পড়াশোনার অন্যান্য খরচ কোথা থেকে আসবে, তা নিয়ে বাবা-মা দুজনের কপালে চিন্তার ভাঁজ। কেপাঙ্গা সুনামাঝি এবং নাগাতালু সুনামাঝির এই জীবনসংগ্রাম বাবা-মায়ের অসামান্য ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে এই ঘটনাটি সুশান্তের মতো মেধাবী পড়ুয়াদের জন্য সরকারি ও সামাজিক সহায়তার প্রয়োজনীয়তা কতটা তাও তুলে ধরেছে, যাতে কোনো পরিবারকেই তাদের শেষ সম্বলটুকু হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

google button