বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহারাষ্ট্রের শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে দল, নির্বাচনী প্রতীক এবং বিধায়কদের অযোগ্যতা নিয়ে চলা মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) গুরুত্বপূর্ণ সওয়াল করলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন এদিন শিবসেনা-ইউবিটি-র হয়ে সওয়াল করেছিলেন কংগ্রেসের বলিষ্ঠ নেতা তথা প্রবীণ আইনজীবী সিব্বল।
সুপ্রিম কোর্টে কী জানালেন সিব্বল?
বুধবার, একই মামলায় একনাথ শিন্ডে গোষ্ঠীর আইনজীবী ধ্রুব মেহতা দাবি করেছিলেন, দলীয় নেতৃত্বের সাথে মতবিরোধ কিংবা বিধায়ক দলের বৈঠকে না থাকা মানেই সে দলত্যাগ করেছে এমনটা ধরে নেওয়া যায় না। তাঁর যুক্তি ছিল, সংবিধানের দশম তফসিল অনুযায়ী কোনও বিধায়ক স্বেচ্ছায় দলের সদস্যপদ ছাড়লে তখনই অযোগ্যতার প্রশ্ন ওঠে। এদিন সুপ্রিম কোর্টে শিন্ডে গোষ্ঠী এও জানিয়েছিল, 2022 সালে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করা বিধায়কেরা শিবসেনা ছাড়েননি, বরং দলের মূল রাজনৈতিক অবস্থান ও জোটের অবস্থান ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন।
শিন্ডে গোষ্ঠীর বক্তব্যের জবাবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দ্বিতীয় পক্ষের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। শীর্ষ আদালতে তাঁর বক্তব্য ছিল, বিধানসভার স্পিকার রাজনৈতিক দল এবং বিধায়ক দলকে কখনই এক করে দেখতে পারেন না। দুটি সম্পূর্ণ আলাদা বিষয় এবং সংবিধানের দশম তফসিলেও এই পার্থক্য উল্লেখ করা হয়েছে। এদিন শিন্ডে গোষ্ঠীকে দেওয়া স্বীকৃতির সিদ্ধান্তের বিরোধিতা করে কপিল সিব্বল বলে বসেন, “এরকমভাবে চলতে থাকলে কোনও নির্বাচিত সরকারই টিকতে পারবে না।”
আরও পড়ুন: ‘সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল দেখছি না’ বললেন টিম ইন্ডিয়ার কোচ
এদিন প্রবীণ আইনজীবী আরও বলেছিলেন, বিধানসভার মেয়াদ শেষ হয়ে গেলেও স্পিকারের সিদ্ধান্তের বিচারবিভাগীয় পর্যালোচনা শেষ হয়ে যায় না। আদালতের কাজ, স্পিকারের সিদ্ধান্তটি নিরপেক্ষ, যুক্তিসঙ্গত এবং আইন অনুযায়ী হয়েছিল কি না, তা খতিয়ে দেখা। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তুলেছিলেন, বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পর এই বিচার কি শুধুই ‘অ্যাকাডেমিক’ অনুশীলন হয়ে দাঁড়াবে না? জবাবে প্রবীন আইনজীবী একেবারে খোলাখুলি বলেন, বিষয়টি মোটেই অ্যাকাডেমিক নয়, কারণ এর প্রভাব স্পিকার ও নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত এবং পরবর্তী কার্যকলাপের বৈধতার উপর পড়ে।










