সৌভিক মুখার্জী, কলকাতা: দেশে ফের মাথাচাড়া দিয়ে বাড়ছে খুচরো মূল্যবৃদ্ধি। সাধারণ মানুষের পকেটের উপর চাপ বাড়িয়ে ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্ধারিত ৬ শতাংশের সীমা ছাড়িয়ে গিয়েছে মূল্যবৃদ্ধির হার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুদের হার (Repo Rate) বাড়ানোর পথে হাঁটতে পারে দেশের শীর্ষ ব্যাংক। আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা গোল্ডম্যান স্যাক্সের একটি রিপোর্টে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে, যা মধ্যবিত্তদের উপর বোঝা আরও বাড়াচ্ছে।
এবার দফায় দফায় বাড়তে পারে সুদ
গোল্ডম্যান স্যাক্সের ওই রিপোর্ট অনুযায়ী, খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দাম এবং সার্বিক মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে আগামী বছরের জুন মাসের মধ্যেই মোট ৭৫ বেসিস পয়েন্ট সুদ বাড়াতে পারে আরবিআই। উল্লেখ্য, মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই গত অক্টোবর মাসের ঋণ নীতিতে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যেই ঋণনীতিতে রেপো রেট বাড়ানো হতে পারে বলে জানাচ্ছে ওই সংস্থা। পাশাপাশি বাকি ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়তে পারে আগামী বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে।
তবে এই পূর্বাভাস সত্যি হলে দেশের রেপো রেট বেড়ে একেবারে ৬.২৫ শতাংশে পৌঁছবে। বর্তমানে এই হার রয়েছে ৫.৫০ শতাংশ। আর যদি রেপো রেট বাড়ে তাহলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপরেই। ব্যাংকগুলি সুদের হার বাড়ালে বাড়ি, গাড়ি এবং ব্যক্তিগত ঋণের মাসিক কিস্তি আরও ব্যয়বহুল হয়ে উঠবে বলেই দাবি বিশেষজ্ঞদের। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে জুন মাসেও খুচরা মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের উপরে থাকার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান, ডিএ বাড়াল রাজ্য সরকার, কতটা?
তবে হ্যাঁ, সুদের হার এভাবে বাড়তে থাকলে দেশের আর্থিক প্রবৃদ্ধি বা জিডিপির উপরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। সংস্থার মতে, চলতি অর্থবর্ষে ভারতের প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার ৭.৯ শতাংশ থাকলেও আগামী অর্থবর্ষে তা কমে ৭.২ শতাংশে নেমে আসতে পারে। তবে একদিকে সুদ বৃদ্ধি এবং জিডিপি কমার আশঙ্কা থাকলেও দেশের শেয়ারবাজার নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে গোল্ডম্যান স্যাক্স। ভারতীয় শেয়ারবাজারকে ওভারওয়েট হিসেবেই তকমা দিয়েছে এই সংস্থা। এমনকি বিশ্ববাজারের অস্থিরতার মাঝেও ভারতের শেয়ারবাজার ইতিবাচক থাকবে বলে জানিয়েছে তারা।










