শীতের পোশাকে স্যাঁতস্যাঁতে গন্ধ? পারফিউম নয়, কাজে লাগান এই উপায়গুলি

Published:

Winter Sweater Care

প্রীতি পোদ্দার, কলকাতা: ধীরে ধীরে হালকা হিমেল পরশ অনুভব করছে রাজ্যবাসী। যদিও জাঁকিয়ে শীত পড়তে এখনও ঢের দেরি। তাও ঠাণ্ডা হওয়ার হাত থেকে রক্ষা পেতে এখনই ধীরে ধীরে আলমারিতে গুছিয়ে রাখা শীতপোশাকগুলি (Winter Sweater Care) বার করা হচ্ছে। কিন্তু সেগুলি বের করা হলেও গায়ে দেওয়া যাচ্ছে না বিশ্রী গন্ধের জন্য। তাই এই জটিল সমস্যা থেকে রেহাই পেতে আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস (Sweater Washing Tips)।

সোয়েটার বের করতেই বেরোচ্ছে ভ্যাপসা গন্ধ

মাসের পর মাস আলমারিতে শীতের পোশাকগুলো একজায়গায় আবদ্ধ থাকার ফলে সেগুলো দিয়ে এক ধরনের ভ্যাপসা গন্ধ বের হয়। অনেকেই এগুলির তোয়াক্কা না করে, একটু পারফিউম স্প্রে করে নেয়। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয় না। বরং পোশাকের ক্ষতি হয়। তাই এই গন্ধ দূর করতে এবং পোশাক ঠিক রাখতে বেশকিছু সহজ উপায় জেনে নিন।

গন্ধ দূর করার উপায়

  • শীতের পোশাক থেকে গন্ধ দূর করার জন্য প্রথমে একটি বালতিতে ঠান্ডা জল নিয়ে সামান্য বেকিং সোডা নিয়ে ভালো করে গুলে নিতে হবে। এরপর সেই জলে সোয়েটার বা কাপড়ের জ্যাকেট ভালো করে ধুয়ে অন্তত ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। তার পরে পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জামাকাপড় শুকিয়ে নিতে হবে।
  • শীতের পোশাক পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত আলমারিতে কখনোই তোলা উচিত না। কারণ সামান্য ভেজা অবস্থায় তুলে রাখলেই তৈরি হতে পারে স্যাঁতস্যাঁতে গন্ধ, এমনকী ছত্রাকও। তাই আলমারি পরিষ্কার ও শুকনো রাখা খুব জরুরি। এবং সম্ভব হলে মাঝে মধ্যে আলমারির থেকে জামাকাপড় বাইরে বের করে রাখবেন, এতে গন্ধ ছড়াবে না।
  • অনেক সময় সোয়েটার, চাদর বার করার পর দেখা যায় উল থেকে রোঁয়া উঠতে শুরু করেছে। এই উলের রোয়া তোলার জন্য বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়। সেক্ষেত্রে এগুলি ব্যবহার করা যায়। এছাড়াও হ্যাঙ্গারে সোয়েটার, জ্যাকেট ঝুলিয়ে গারমেন্টস স্টিমার দিয়ে ইস্ত্রি করে নিন কম তাপমাত্রায়, এতে কিছুটা সমস্যা মিটবে।

আরও পড়ুন: সাবান-স্যানিটাইজার ব্যবহারে হাতের ত্বক হচ্ছে শুষ্ক? এই ৩ উপাদানেই মিলবে সমাধান

  • সোয়েটার জ্যাকেট ধোয়ার সময় খুব কড়া ডিটারজেন্ট ব্যবহার করবেন না। এর পরিবর্তে মৃদু ডিটারজেন্ট বেছে নিন। কারণ অতিরিক্ত সাবান ব্যবহার করলেও পোশাকের উপর আস্তরণ জমতে পারে। পাশাপাশি ধোয়ার পর সোয়েটার কখনও জোরে নিংড়ে নেবেন না। প্রথমে একটি পরিষ্কার তোয়ালে ভেজা সোয়েটারের উপর রেখে আলতো করে চাপ দিয়ে অতিরিক্ত জল বের করে নিন। তারপর শুকিয়ে নিতে হবে তাহলে গন্ধ থাকবে না।
  • চাদর, সোয়েটার রোদে দেওয়ার পরে আলমারিতে তোলার সময় ভিতরে শুকনো নিমপাতা ভরে দিন, এতে পোকামাকড় হবে না। এছাড়াও একটি কাপড়ের পুঁটলিতে লবঙ্গ ভরে সোয়েটারের জায়গায় রেখে দিন। সুগন্ধির জন্য শুকনো ল্যাভেন্ডার পুঁটলির মধ্যে নিয়ে জামাকাপড়ের ভিতর ঢুকিয়ে দিন, দেখবেন পোশাকের ভিতরে কোনো গন্ধ থাকবে না।
আরওSweaterWinter
google button