প্রীতি পোদ্দার, কলকাতা: স্বপ্ন (Dream) কম বেশি সকলেই দেখে থাকেন। আমরা সারাদিন যে বিষয়ে সবচেয়ে বেশি ভাবনা চিন্তা করি রাতে সেটাই স্বপ্নে (Why Do We Dream) দেখি। যা কখনও ভালো হয়, কখনও খারাপ তো কখনও বা আজগুবি। কিন্তু প্রশ্ন হল আমরা কেন স্বপ্ন দেখি। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কেন স্বপ্ন দেখি আমরা?
শাস্ত্র মতে, স্বপ্ন দেখার নেপথ্যে রয়েছে নানা কারণ। বিজ্ঞানও এ বিষয়ে নানা ব্যাখ্যা দিয়ে থাকে। বলা হয় সব স্বপ্নই নাকি জীবনে কোনও না কোনও বার্তা বয়ে আনে। এই বিষয়ে পৃথিবীখ্যাত স্নায়ুরোগ বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেন, “আমাদের অনেক ইচ্ছে থাকে অবদমিত। এর ছোঁয়া আমরা স্বাভাবিক সময়ে টের পাই না। তবে মানুষ যখন স্বপ্ন দেখেন, তখন তা সামনে আসে।” এছাড়াও ঘুমের একটি বিশেষ স্তর হল Rapid Eye Movement। এই সময়ে অক্ষিগোলোক নড়াচড়া করে, হার্টরেট বেড়ে যায়, রক্তচাপ বৃদ্ধি পায় ঠিক তখনই এই সময়ে মূলত স্বপ্ন আসে।
সারা দিনের অনুভূতির মিশ্রণ স্বপ্ন
বিশেষজ্ঞদের মতে, ঘুমের ২০ শতাংশ জুড়ে থাকে রেম। এই রেম খুব অল্প সময়ের জন্য হয়। ঘুম যখন শেষের মুখে থাকে, তখন রেম বাড়তে থাকে। আর তখনই ঘুমের শেষের দিকে বেশি স্বপ্ন দেখা যায়। যদিও স্বপ্ন দেখার নেপথ্যে অনেক কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হল সারা দিনের ভিন্ন অনুভূতি। আসলে সারা দিন আমরা নানা রকম অনুভূতির মধ্যে দিয়ে দিন কাটাই। রাগ, দুঃখ, হতাশা, ভাল লাগা, ভয়, মানসিক চাপ প্রভৃতি অনুভূতি আমাদের মনের মধ্যে গচ্ছিত থাকে। আর তারই প্রতিফলনে ঘুমোনোর সময় আমরা স্বপ্নে দেখতে পাই।
আরও পড়ুন: চোখ বন্ধ করলেই কি আলোর ঝলকানি দেখতে পান? জানুন আসল রহস্য
সবমিলিয়ে বলা যায়, স্বপ্ন দেখা একদমই স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে যে কোনও মানুষ যেকোনো স্বপ্ন দেখতে পারেন। কিছু মানুষ তা মনে রাখেন, আর কিছুজন তা মনে রাখতে পারেন না। এমনকি অনেকে দুঃস্বপ্ন দেখে থাকেন। কারোর সঙ্গে যদি কোনও খারাপ ঘটনা ঘটে, কাছের মানুষ প্রাণ হারায়, কোথাও দুর্ঘটনা হলে এই ধরনের স্বপ্ন বেশি করে আসে।










