নতুন সেতুর সাথে রাস্তার উন্নয়ন, বাংলার জন্য ১০৫৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Published:

Nitin Gadkari

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে একাধিক উদ্যোগের কথা উঠে আসছে। এবার বাংলার সড়ক ও সেতু পরিকাঠামো উন্নয়নে বড়সড় আর্থিক অনুমোদনের কথা জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্প এবং দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণের জন্য অর্থ অনুমোদনের কথা জানিয়েছেন মহাসড়ক মন্ত্রী।

কী জানাচ্ছে কেন্দ্র?

নিতিন গড়কড়ি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “পশ্চিমবঙ্গে সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (CRIF)-এর রোডস প্রকল্পের অধীনে তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য আমরা ৬৭৯.৫৫ কোটি টাকা অনুমোদন করেছি। পাশাপাশি, CRIF-এর সেতু বন্ধন প্রকল্পের অধীনে হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর একটি নতুন সেতু নির্মাণের জন্য ৩৭৫.৭৮ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পগুলি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে, যাতায়াতের সময় কমাবে এবং বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে।”

এই ঘোষণায় মোট ১,০৫৫.৩৩ কোটি টাকার প্রকল্প অনুমোদনের কথা জানানো হয়েছে। এর মধ্যে ৬৭৯.৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনটি রাস্তা উন্নয়ন প্রকল্পের জন্য। অন্যদিকে, ৩৭৫.৭৮ কোটি টাকা ব্যয়ে হুগলির দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু তৈরি করা হবে। সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (Central Road and Infrastructure Fund)-এর মাধ্যমে রাজ্যগুলির সড়ক পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা করা হচ্ছে।

সেতু বন্ধন প্রকল্পের আওতায় রাজ্য সড়কের উপর সেতু নির্মাণের কাজ করা হয়ে থাকে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে। নতুন সেতু তৈরি হলে দ্বারকেশ্বর নদী পারাপারের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি, উন্নত রাস্তার ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে সময় কম লাগবে। দুর্ঘটনার সম্ভাবনাও কমবে।

আরও পড়ুন: দিঘা-মন্দারমণি সড়ক যোগাযোগ হবে আরও সহজ, ২৫৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে নতুন সেতু

পণ্য পরিবহণ সহজ হলে ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে। পর্যটন ক্ষেত্রের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও উপকৃত হতে পারে। তবে প্রকল্পগুলির নির্দিষ্ট রাস্তার নাম, দৈর্ঘ্য এবং নির্মাণকাজ শুরুর সময় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

google button