অনন্যা সরকার, কলকাতা: ফ্ল্যাটের ছাদ, বারান্দা বা বাড়ির আশেপাশের যেকোনো ছোট খোলা জায়গায় একটা বস্তা ও পিভিসি (PVC) পাইপ ব্যবহার করে সারা বছর ধরে রসুন ফলানো (Garlic Farming) যায় খুব সহজেই। চাষের এই কৌশলকে বলা হয় উল্লম্ব (vertical) পদ্ধতি। এটি যেমন একদিকে মাটির অপচয় কমায়, তেমনই প্রচলিত পদ্ধতির তুলনায় কম জায়গাতেই কয়েকগুণ বেশি ফলন দেয়। কীভাবে করবেন এই বিশেষ পদ্ধতিতে রসুন চাষ, আসুন বিশদে জেনে নেওয়া যাক।
বাড়িতে সহজে রসুন চাষের পদ্ধতি
এইভাবে রসুন চাষের জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি মজবুত প্লাস্টিক বা পাটের বস্তা এবং ৩-৪ ইঞ্চি চওড়া একটি পিভিসি পাইপ, যা বস্তার উচ্চতা অনুযায়ী মাপ করে কেটে নিতে হবে। পাইপটির গায়ে ড্রিল মেশিন বা গরম লোহার রড ব্যবহার করে ২-৩ ইঞ্চি ব্যবধানে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। এতে পাইপের ভেতর দিয়ে দেওয়া জল ও সার পুরো বস্তার মাটিতে সমানভাবে ছড়িয়ে পড়বে। এরপর বস্তার তলায় জল নিষ্কাশনের জন্য কয়েকটি ছোট ছিদ্র করে নিতে হবে। মাটি ভরার পর ছিদ্রযুক্ত পাইপটিকে বস্তার ঠিক মাঝখানে খাড়া করে বসিয়ে দিতে হবে।
মাটির মিশ্রণ তৈরির জন্য দোআঁশ মাটির মধ্যে শুকনো গোবর সার ও সামান্য বালি মিশিয়ে নিতে হবে। মাটি ঝুরঝুরে না হওয়া পর্যন্ত সব উপকরণগুলিকে ভালোভাবে মেশাতে হবে। বস্তায় কিছু কলা গাছের শুকনো ডালপালা বিছিয়ে দিয়ে তার ওপর মাটি ভরে দিতে হবে। মাটি ভরা হয়ে গেলে মাঝখানে বসানো পাইপের মধ্যে কিছু সবজির খোসা দিয়ে দিতে হবে, যা পরবর্তীকালে পচে গিয়ে জৈব সারের কাজ করবে। এরপর একটি ব্লেড বা ছুরি দিয়ে বস্তার বাইরের দিকে ওপর থেকে নীচে পর্যন্ত ৩-৪ ইঞ্চির ব্যবধানে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে।
আরও পড়ুন: অপরাজিতা ফুলে ভরে যাবে গাছ, এই সামান্য জিনিসের ব্যবহারে দ্রুত আসবে নতুন কুঁড়ি
রসুন লাগানোর জন্য, এবার কিছু রোগমুক্ত ও ভালো মানের রসুনের কোয়া বেছে নিতে হবে। এগুলো বস্তার ওপরের মাটিতে এবং গায়ের ছিদ্রগুলোতে এমনভাবে পুঁতে দিতে হবে, যাতে প্রতিটি কোয়ার সরু দিকটি বাইরের দিকে থাকে এবং গোড়া সমেত আধ ইঞ্চি মাটির গভীরে থাকে। মাঝখানের পাইপটি খালি রাখতে হবে, এটি কেবল জল ও সার দেওয়ার কাজে লাগবে।
রোপণের পর, মাঝখানের পাইপের মুখ দিয়ে পরিমিত পরিমাণে জল ও মাঝে মাঝে জৈব সার, সবজির খোসা দিয়ে যেতে হবে। এতে পাইপের ছিদ্র দিয়ে জল সরাসরি প্রতিটি রসুনের গাছের গোড়ায় পৌঁছে যাবে এবং মাটি সবসময় আর্দ্র থাকবে। উল্লম্ব পদ্ধতিতে রসুন চাষের জন্য অক্টোবর থেকে নভেম্বর মাস হল সবচেয়ে উপযুক্ত সময়। নিয়মিত পরিচর্যা করলে কিছুদিনের মধ্যেই এই বস্তা থেকে তাজা রসুন সংগ্রহ করা যাবে।










